যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের ছয়টি অভিযোগ খারিজ করে দিয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের এক বিচারক। জর্জিয়ায় নির্বাচনী ফল জালিয়াতির মামলাটিকে ট্রাম্পের জন্য অন্যতম কঠিন এক বাধা মনে করা হচ্ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন নিশ্চিতের মধ্যেই তার সামনে থেকে এই বাধার একাংশ দূর হলো।
জর্জিয়ার আদালত গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি নিয়ে ৯ পাতার নথি প্রকাশ করে। এতে বলা হয়, জর্জিয়ায় ৪১টি অভিযোগের মধ্যে ছয়টি খারিজ হয়েছে। ওই ছয় অভিযোগের মধ্যে তিনটি ছিল সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে। তবে এখনো তার বিরুদ্ধে আরও ১০টি অভিযোগ রয়েছে।
খারিজ হওয়া অভিযোগে বর্ণিত ছিল, রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প ও তার সহযোগীরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নির্বাচনী কর্মকর্তাদের শপথ ভঙ্গ করতে চাপ দিয়েছিলেন।
এ নিয়ে গত বুধবার জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালতের বিচারক ম্যাকঅ্যাফে বলেন, ওই ছয় অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি।
