বলা হয়ে থাকে, পৃথিবী চলে আইডিয়ার জোরে। নতুন নতুন আইডিয়া যেমন পৃথিবীর গতিপথকে বদলে দিয়েছে তেমনি একটি আইডিয়া বদলে দিতে পারে কারও জীবন। তেমনি পাঁচটি আইডিয়া সম্পর্কে জানাচ্ছেন বিপুল জামান
এগুলো নামে ‘ল’ বা ‘সূত্র’ হিসেবে পরিচিত হলেও এর যেহেতু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা পরীক্ষাগারে নিরীক্ষা করা যায় না তাই এগুলোকে আমরা আইডিয়া হিসেবে উল্লেখ করছি।
মারফির সূত্র : তোমার কী এমন কোনোদিন হয়েছে যে, যে দিন পড়া শিখে আসোনি অথচ সেদিনই শিক্ষক তোমাকে পড়া জিজ্ঞাসা করেছেন, অথচ তোমাকে অন্য কোনোদিন পড়া জিজ্ঞাসা করেন না বললেই চলে? বা এমন কী হয়েছে যে, তোমার বাবা সাধারণত দেরি করে বাসায় আসেন কিন্তু যেদিন তুমি সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়েছ আর সেদিনই বাবা আগে আগে বাসায় এসেছেন আর দেখলেন তুমি না পড়ে ঘুমিয়ে গেছ? বাংলায় কিন্তু এ ধরনের ঘটনাকে প্রকাশ করার জন্য একটি প্রবাদই আছে, ‘যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়।’ এ ধরনের ঘটনা ব্যাখ্যার চেষ্টা করা হয় মারফির সূত্র দিয়ে। এই সূত্র অনুসারে, যা নিয়ে তুমি ভয় পাবে সেটি ঘটবে। সূত্রটি শুনতে নেতিবাচক মনে হলেও আদতে তা ইতিবাচকতার কথাই বলে। কোনো বিষয় নিয়ে বেশি ভয় পেলে আমাদের অবচেতন মন সেদিকেই ধাবিত করে। এ জন্য কোনো কিছু নিয়ে অহেতুক চিন্তা করবে না।
কিডলিনসের সূত্র : এই সূত্রটি বাস্তব জীবনে সবারই কাজে লাগবে। সূত্রটি হলো, যদি কোনো সমস্যা লিখে ফেলা যায় তাহলে সমস্যাটি অর্ধেক সমাধা হয়ে যায়। সূত্রটি কাজ করে কি না তা পরীক্ষা করতে এখন তোমার কোনো একটি সমস্যার কথা চিন্তা করো যেটি আজও সমাধান করা সম্ভব হয়নি। এবার সেটি কাগজে লিখে ফেলো। সমস্যাটিকে কি আর অত ভয়ংকর লাগছে? মনে হয় না।
গিলবার্টের সূত্র : প্রতিটি মানুষ আলাদা। তাই প্রত্যেকের কাজ করার পদ্ধতিও আলাদা। সে কারণে কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব পালনের কথা বলা হয়। কেউ সেটি সহজে করতে পারে এবং কেউ নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করে সেটি করে। তাই কার জন্য কোন ধাপগুলো প্রযোজ্য তা ব্যক্তিকেই নির্ধারণ করতে হয়। অনেকটা পড়াশোনার মতো। কারও সকালে পড়া ভালো হয় আবার কারও রাতে। দিনে বা রাতে কোনো সময়ে পড়বে সেটি যেমন শিক্ষার্থী নিজেই ঠিক করে নেয় তেমনি কর্মক্ষেত্রের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলোও নিজেকেই নিতে হয়।
ওয়ালসনের সূত্র : তথ্যের শক্তি অনেক। বিশেষ করে ব্যবসায় ক্ষেত্রে। কোন জিনিস কোথায় পাওয়া যাবে, কোথায় কোনটির কত দাম, কোন সময়ে কোন জিনিসের চাহিদা বেশি থাকবে আর কোনটির চাহিদা কম থাকবে ব্যবসায় এসব তথ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। ব্যবসার জন্য এসব তথ্য জানা এবং বুদ্ধিমত্তার সঙ্গে তা প্রয়োগ করা খুবই জরুরি।
ফকল্যান্ডের সূত্র : এই সূত্রটি হলো, যখন তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই তখন কোনো সিদ্ধান্ত নিও না। অর্থাৎ নিজের কাজের প্রতি মনোযোগী হও। এই সূত্রের সমর্থনে বাংলায় এবং ইংরেজিতে বেশ কয়েকটি প্রবাদ প্রবচন আছে। যেমন- নিজের চরকায় তেল দাও, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়, যতটুকু হাত যায় ততটুকুই চুলকাও ইত্যাদি। এই সূত্রের মূল কথা হলো, নিজের কাজের প্রতি অখ- মনোযোগ দেওয়া।
