সাংবাদিকদের হুমকি

লালমনিরহাটের সেই এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৫০ এএম

সেবাগ্রহীতাদের হয়রানির তথ্য সংগ্রহে যাওয়া পাঁচ সাংবাদিককে নিজ কার্যালয়ে আটকে রেখে কারাগারে পাঠানোর হুমকি দেওয়ার ঘটনায় লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নোমান সরকারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। ওই সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ঘটনার পর বৃহস্পতিবারই তাকে (আবদুল্লাহ আল নোমান) স্ট্যান্ড রিলিজ করে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি আদেশ ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের হুমকির ঘটনায় আন্দোলনরত লালমনিরহাটের সাংবাদিকরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহ আল নোমান সরকার তার কার্যালয়ে পাঁচ সাংবাদিককে আটকে রেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হুমকি দেন। ওই পাঁচ সাংবাদিক জমির নাম খারিজসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে এসিল্যান্ডের কার্যালয়ে গিয়েছিলেন। তথ্য না দিয়ে আবদুল্লাহ আল নোমান ও তার সহকারীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসিল্যান্ডের কার্যালয়ে ঘণ্টাখানেক আটক থাকার পর দুপুর ১টার দিকে সাংবাদিকদের উদ্ধার করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা লালমনিরহাট শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। এরপর লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ দুপুর ২টার দিকে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের শান্ত করেন এবং এসিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে মাই টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু বলেন, ‘এসিল্যান্ড ছাড়াই অফিস সহকারীরা ভূমিসংক্রান্ত বিষয়ে শুনানি করছিলেন। আমি এ ঘটনার ভিডিও রেকর্ড করছিলাম। বিষয়টি বুঝতে পেরে প্রথমে আমাকে এবং পরে সেখানে উপস্থিত হওয়া অন্য চার সাংবাদিককে আটক করা হয়। এ সময় আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসিল্যান্ড। প্রত্যাহার বা তাৎক্ষণিক বদলি করা কোনো শাস্তি নয়। অভিযুক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে।’

সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন : প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে শেরপুরের নকলার পর লালমনিরহাটে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে জেলা শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

সাংবাদিক আবদুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক তামজিদ হাসান তুরাগ, আরিফুল ইসলাম রিগ্যান, বুলবুল আহমেদ, রাজু আহমেদ, রাশেদুজ্জামান তৌহিদ, আবদুল্লাহ মুজাহিদ সাহেদ, মাসুদ রানা, কল্লোল রায় প্রমুখ।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম জনগণের মুখপাত্র। সাংবাদিকরা জনগণের পক্ষে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করেন। কিন্তু কিছু সরকারি কর্মচারী নিজেদের জবাবদিহির ঊর্ধ্বে মনে করেন। তারা নিজেদের অপকর্ম প্রকাশ হওয়ার ভয়ে সাংবাদিক দেখলেই ক্ষেপে যান। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেন। বক্তারা সাংবাদিকদের সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত