পবিত্র রমজান মাসের ফরজ রোজা পালন নারী-পুরুষদের সংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণস্বরূপ। রোজার আমল মানুষের নৈতিক মূল্যবোধকে শীর্ষ স্থানে পৌঁছে দেয়। এর মাধ্যমে মানুষের ভেতরে নৈতিকতা, আদর্শ, স্বচ্ছতা ও নিষ্ঠা প্রোথিত হয়। ফলে মানুষ তার আত্মার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মিথ্যার ওপর সত্য, অন্যায়ের ওপর ন্যায়কে এবং পশুত্বকে অতিক্রম করে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করে। রমজানে ইমানদারদের বড় অর্জন হলো নিজের কাছে সৎ ও বিশ্বস্ত থাকা। এতে সহায়ক হলো আল্লাহর অস্তিত্বের উপস্থিতির অনুভূতি। এই অনুভূতি জাগ্রত করাই মাহে রমজানের শিক্ষা।
ইসলাম মানুষকে বিশ্বস্ত বা আমানতদার করতে চায়। বিশ্বস্ততা মানুষের গুরুত্বপূর্ণ গুণ। মানুষের চারিত্রিক পূর্ণতার জন্য এই গুণ অর্জনে ইসলামে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন-হাদিসে এ বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা আমানতদারদের পরকালে সফল হওয়ার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘এরা সেই লোক, যারা আমানতের প্রতি লক্ষ রাখে এবং স্বীয় অঙ্গীকার হেফাজত করে।’ সুরা মুমিনুন : ৮
আমরা যেমন আল্লাহর কাছে সবকিছু আমানত হিসেবে রাখছি, আল্লাহ তায়ালাও আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন অনেক কিছু। ইসলাম ও ইসলামি বিধিবিধানকে তিনি আমানত হিসেবে দিয়েছেন। আমাদের চোখ, কান, নাক, দেহ ও বুদ্ধিমত্তা, স্ত্রী, সন্তানসন্ততি, সম্পদ এসবই আল্লাহর দেওয়া আমানত। এসব আমানতকে পাপ ও হীন স্বার্থে ব্যবহার করা মানে আমানতের খেয়ানত। সূর্য তার দায়িত্ব পালন করে। সাগরের ঢেউও তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। কিন্তু অনেক মানুষ তার স্বাধীনতার অপব্যবহার করে দায়িত্ব পালনে উদাসীনতা দেখায় তথা বিশ্বাসঘাতকতা করে; যা কোনোভাবেই কাম্য নয়।
সুরা আহজাবে ইরশাদ হয়েছে, ‘আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত (কোরআন) পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই তারা এই আমানত রক্ষা না করায় খুবই জালেম এবং এ দায়িত্ব পালনে অবহেলার পরিণতি সম্পর্কে খুবই অজ্ঞ!’
আয়াতে আমানত শব্দের তাফসির প্রসঙ্গে বলা হয়েছে, দ্বীনের যাবতীয় কর্তব্য ও কর্ম এর অন্তর্ভুক্ত। শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধের সমষ্টি আমানত। এর উদ্দেশ্য হচ্ছে, শরিয়তের বিধানাবলী দ্বারা আদিষ্ট হওয়া, যেগুলো পুরোপুরি পালন করলে জান্নাতের চিরস্থায়ী নেয়ামত এবং বিরোধিতা অথবা ত্রুটি করলে জাহান্নামের আজাব প্রতিশ্রুত।
আমানতের অর্থ হলো বিশ্বস্ততা। বিশ্বাসঘাতকতা না করা। প্রসঙ্গত বলা যায়, রোজা একটি আমানত, একটি ইবাদত। এটাকে যথাযথভাবে আদায় করতে হবে। সমাজের কিছু মানুষ আছে, যারা রোজা রাখে, কিন্তু মিথ্যাচার, অভিশাপ প্রদান, মারামারি, গিবত, হিংসা, পরশ্রীকাতরতা ইত্যাদি বর্জন করে না। তদ্রুপ সমাজে কিছু মানুষ আছে যারা প্রতারণা, চুরি, অফিস ফাঁকি, বিভিন্ন হারাম চুক্তি, মদ বিক্রি ও ব্যভিচার ইত্যাদি যাবতীয় অননুমোদিত কর্মকা- বর্জন করে না। এগুলো কাম্য নয়।
রোজা রেখে যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। না হলে ওই রোজা দ্বারা তাকওয়া অর্জিত হবে না। এ প্রসঙ্গে হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এর ওপর আমল করা বর্জন করে না, মূর্খতা পরিহার করে না, তার পানাহার থেকে বিরত থেকে উপবাস করা আল্লাহর কাছে প্রয়োজন নেই।’ -সহিহ বোখারি
হাদিসের ভাষ্য অত্যন্ত স্পষ্ট, এই হাদিসের আলোকে প্রতিটি মুমিনের উচিত রোজার আমানতের ব্যাপারে শতভাগ যত্নবান হওয়া। রোজাকে তার দাবি ও চাহিদা মোতাবেক পালন করা। মহান আল্লাহ সবাইকে তওফিক দান করুন। আমিন।
লেখক : পরিচালক, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ
