গত বছরের নভেম্বরে অনেকটা অপ্রত্যাশিতভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এবারের বিপিএলে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পর সেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।
ইমাদের দল ইসলামাবাদ ইউনাইটেড এবার জিতে নেয় পিএসএলের শিরোপা। মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালে ম্যাচসেরা হন ইমাদ। ২৩ রানে ৫ উইকেট শিকারের পর উত্তেজনাকর রান তাড়ায় অপরাজিত থাকেন ১৯ রান করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমাদ জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পিসিবির সঙ্গে বৈঠকের পর আমি অবসরের সিদ্ধান্ত বিবেচনা করেছি। আমি বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত রয়েছি। আমার ওপর বিশ্বাস রাখায় পিসিবির প্রতি আমি কৃতজ্ঞ। নিজের সাধ্যের সবটুকু দিয়ে পাকিস্তানের জন্য গৌরব আনতে আমি প্রস্তুত। কেননা সবার আগে পাকিস্তান।’
টি২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। এরপর মে মাসে ইংল্যান্ডে খেলবে ৪ ম্যাচের সিরিজ।
