অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন নয় : আপিল বিভাগ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৪৬ এএম

আগাম জামিন নিয়ে অভিমত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, কোনো ব্যক্তি বা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া উচিত নয়। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে দেওয়া আগাম জামিনের পূর্ণাঙ্গ আদেশে এমন অভিমত দিয়েছে আপিল বিভাগ। গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদেশকারী বেঞ্চের অপর দুই বিচারক হলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী। গতকাল শনিবার তিন পৃষ্ঠার রায়ের এ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রমনা থানার এ মামলায় গত বছরের ৮ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত আগাম জামিন দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করে। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে ৬ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি (পুলিশ প্রতিবেদন পর্যন্ত জামিন) সংশোধন করে দুজনকে ৮ সপ্তাহের আগাম জামিন দেয়। আদেশে বলা হয়, আগাম জামিনের এ সময়ের মধ্যে দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়েছে আপিল বিভাগের আদেশে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন।

আপিল বিভাগ পূর্ণাঙ্গ আদেশে সম্পর্কিত বিষয়ে আগের দেওয়া রায়ের নজির উল্লেখ করে বলে, অনির্দিষ্টকাল সময় পর্যন্ত কাউকে আগাম জামিন দেওয়া উচিত নয়।

আদালত আরও বলে, হাইকোর্ট বিভাগ এ দুজনকে (দুই বিএনপি নেতা) পুলিশ রিপোর্ট পর্যন্ত আগাম জামিন দিয়ে আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। এর কারণ যথাযথ তদন্তের স্বার্থে অনেক সময় কোনো মামলার প্রতিবেদন দিতে তদন্তকারী সংস্থা বেশি সময় নিতে পারে। এমন পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিনের সুবিধা ভোগ করার অধিকারী নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত