রমজানে চাহিদা বাড়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি চালানে ৩২টি ট্রাকে এক হাজার টন আলু আমদানি করা হয়েছে।
সূত্র জানায়, আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। আলুর চালান বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এ সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, চারটি চালানে ভারতীয় ৩২টি ট্রাকে এক হাজার টন আলু আমদানি করা হয়েছে। প্রতি টন আলুর আমদানি খরচ পড়ছে ১৯৪ ডলার।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, আমদানিকৃত আলুর তিনটি চালানের ৭০০ টন ইতিমধ্যে বন্দর থেকে ছাড় করা হয়েছে। শেষ চালানের ১২ ট্রাকের ৩০০ টন আলু বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, এর আগে গত বছর ২ ডিসেম্বরে তিন ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। এরপর চলতি মাসে চারটি চালানে আরও এক হাজার টন আলু আমদানি করা হয়েছে।
