শেখার যত মাধ্যম

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

শিক্ষার ধ্রুপদি মাধ্যম হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠ্যবই। তবে প্রযুক্তির কল্যাণে বর্তমানে অবারিত তথ্যের যুগে স্কুল-কলেজের পাশাপাশি একজন শিক্ষার্থী অন্যান্য মাধ্যমেও শিখতে পারে, এমনকি অর্জন করতে পারে সনদও।লিখেছেন বিপুল জামান

পাঠ্যবই

শেখার জন্য পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। কারণ পাঠ্যবই জ্ঞানের ভিত্তি রচনা করে দেয়। তাই পাঠ্যবই ভালো করে পড়তে হবে। ক্লাসে শিক্ষককে প্রশ্ন করে ভালো করে পাঠ্যবইয়ের বিষয়গুলো বুঝে নিতে হবে। ক্লাসের আগে যদি সেদিনের পড়াটা একটু চোখ বুলিয়ে রাখো তাহলে ক্লাসের সময় বুঝতে সুবিধা হবে। তাই ক্লাসের রুটিন দেখে আগে থেকে প্রস্তুতি নাও। তাহলে ক্লাসের পরে খুব বেশি পড়া তৈরি করতে খুব বেশি কষ্ট করতে হবে না। পাঠ্যবই না পড়ার কুফল অনেক। পাঠ্যবই মনোযোগ দিয়ে না পড়ার ফলে শিক্ষার্থীরা মৌলিক ধারণা থেকে বঞ্চিত হয়। নতুন শিক্ষা পদ্ধতিতে পাঠ্যবই পড়ার পাশাপাশি ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া এবং মনোযোগের সঙ্গে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার বিকল্প নেই।

ক্লাসনোট

ক্লাসে শিক্ষক যা পড়াচ্ছেন তা সংক্ষেপে নোট নিতে হবে। পরে বাসায় গিয়ে সেসব পয়েন্টগুলোর বিস্তারিত আলোচনা যতটুকু মনে আছে লিখে ফেলো। প্রথমে মনে না এলেও একবার লেখা শুরু করলে দেখবে শিক্ষকের কথা ধীরে ধীরে সব মনে পড়ছে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো। এই ক্লাসনোট পরীক্ষায় প্রস্তুতি নিতে তোমাকে অনেক সহযোগিতা করবে। ক্লাসনোট নেওয়া অন্য যে কোনো গাইড বইয়ের ওপর নির্ভর করার চেয়ে উপকারী।

অডিও/ভিডিও রেকর্ড

কোনো কোনো শিক্ষার্থী প্রথমবার একটি বিষয় পুরোপুরি নাও বুঝতে পারে। তারা চাইলে সাধারণ রেকর্ডিং ডিভাইসের সহায়তা নিতে পারে। শিক্ষকের অনুমতি নিয়ে ক্লাসের লেকচারটি অডিও বা ভিডিও রেকর্ড করে বারবার শুনলে বা দেখলে বিষয়টি সহজে বুঝতে পারবে।

পত্রিকা ও পাঠ্যক্রমের বাইরের বই

গ্রহণ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়তে হবে। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়বে, সমৃদ্ধ হবে সাধারণ জ্ঞানের ভা-ার। পত্রিকা ছাড়াও পাঠ্যপুস্তকের বাইরে সাহিত্যের এবং অন্যান্য বিষয়ের বই পড়তে হবে। এর ফলে জটিল বিষয় সহজে বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। তা ছাড়া প্রতিটি দৈনিক পত্রিকায় শিক্ষা পাতা থাকে, যেখানে প্রতিদিন একাধিক শ্রেণির একাধিক বিষয়ের ওপর প্রশ্নোত্তর-আলোচনা প্রকাশিত হয়। দৈনিক পত্রিকার শিক্ষা পাতা নিয়মিত অনুসরণ করলে সেখান থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারো।

ওয়েবসাইট ও ইউটিউব

আজকাল ইন্টারনেটে প্রচুর অ্যাকাডেমিক টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়। এ রকম ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলোর একটি তালিকা তৈরি করে নাও। তোমার পছন্দের সাইটে গিয়ে কাক্সিক্ষত পাঠ বুঝে নিতে পারো সহজেই। এ ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান অনলাইনভিত্তিক কোর্স পরিচালনা করে থাকে। তার কিছু আছে বিনা খরচে, কিছু আছে নামমাত্র কোর্স ফিতে। এগুলোতে অংশ নিয়ে তোমার আগ্রহের বিষয় পড়তে বা জানতে তো পারবেই, তা ছাড়া অর্জন করতে পারবে সনদও। যা পরে তোমার পেশাজীবন ও অন্যান্য সময়ও কাজে লাগতে পারে। তাই কাজে লাগাও শেখার এসব মাধ্যমগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত