রেসিপি দিয়েছেন : ফাতেমা হাসনাত
আলুর স্যুপ
উপকরণ
তেল বা অলিভ অয়েল ১ টেবিল চামচ, রসুন কোয়া মিহি কুচি ৪টি, আলু ৫০০ গ্রাম গ্রেট করা, চিকেন স্টক ১ লিটার, সাওয়ার ক্রিম এক কাপের তিন ভাগের এক ভাগ, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লেবু পাতা বা খোসা সাজানোর জন্য ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চুলা মাঝারি আঁচে করে পাত্রে তেল দিয়ে রেখে দিন। তেল গরম হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে ভাজুন। রসুন নরম হলে গ্রেট করা আলু, গোল মরিচ গুঁড়া, চিনি ও লবণ দিন।
২. আলু নরম হয়ে এলে চিকেন স্টক ও সাওয়ার ক্রিম দিয়ে জ্বাল দিন ১৫ থেকে ২০ মিনিট অথবা সিদ্ধ হওয়া পর্যন্ত।
৩. নামিয়ে কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ড করবেন নরম হওয়া পর্যন্ত । এরপর লেবুর রস মিশিয়ে দিন।
৪. পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বাকি সাওয়ার ক্রিম, লেবুর খোসা বা পাতা, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
কুমড়ার স্যুপ
উপকরণ
তেল বা অলিভ অয়েল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি, রসুন কোয়া মিহি কুচি ৪টি, কুমড়া ছোট করে কিউব ৫০০ গ্রাম, চিকেন স্টক ১ লিটার, কুকিং হুইপ ক্রিম সিকি কাপ, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ২টি ছেঁচা, ধনেপাতা কুচি অথবা লেবুর খোসা সাজানোর জন্য ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
পাত্রে তেল দিয়ে চুলা মাঝারি আঁচে রেখে পেঁয়াজ ও রসুন কুচি ভাজবেন নরম না হওয়া পর্যন্ত।
নরম হয়ে গেলে কুমড়া কিউব গোল মরিচ গুঁড়া, চিনি ও লবণ, সয়াসস, টমেটো সস দিয়ে জ্বাল দিন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
কুমড়া নরম হয়ে এলে চিকেন স্টক ও আধা কাপ কুকিং হুইপ ক্রিম মিল্ক দিয়ে জ্বাল দিন অল্প আঁচে। ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন ।
কিছুটা ঠান্ডা হয়ে এলে ব্লেন্ড করে নরম করে নিন। এরপর লেবুর রস মিশিয়ে দিন।
পরিবেশনের আগে বাটিতে ঢেলে ওপরে অল্প কুকিং হুইপ ক্রিম লেবর খোসা, পেঁয়াজ পাতা বা ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
