হাফেজ হুজাইফার তানজানিয়া জয়

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৪১ এএম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফের বাংলাদেশের নাম উজ্জ্বল করল ১০ বছর বয়সী খুদে বালক হুজাইফা। সে তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।

গত রবিবার (৩১ মার্চ) এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে সে।

হাফেজ হুজাইফার বাবার নাম মনিরুজ্জামান। তিনি রংপুরের বাসিন্দা। হুজাইফা ক্বারি নাজমুল হাসান পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

খুদে বালক হাফেজ হুজাইফার এমন কীর্তিতে গর্বিত তার শিক্ষক হাফেজ ক্বারি নাজমুল হাসান। তিনি বলেন, আসলে প্রতিযোগিতায় ওর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তেলাওয়াত এত শ্রুতিমধুর ছিল যে যেখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই হলরুমে সবাই তাকবির ধ্বনি দিয়ে মুখরিত করে রেখেছিল পুরো পরিবেশ। আমি দোয়া করি হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুক, দেশের নাম উজ্জ্বল করুক। আমি হুজাইফা ও আমাদের মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য, তানজানিয়ায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট দুটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন। আর দ্বিতীয় গ্রুপটি আয়োজন করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ত্রিশের অধিক দেশ এতে অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত