রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলায় ৫ জন আহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৬ এএম

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের ফটকে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে একদল লোক কেন্দ্রের আবাসিক ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে সংঘবদ্ধ হয়ে তারা ফটকে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর প্রথমে হামলা করে। পরে নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার ক্যাম্পের সদস্যরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহত পাঁচজনের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপারভাইজার আকরাম হোসেন ও নিরাপত্তাকর্মী সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাতে ৫০-৬০ জনের একটি দল আলাদাভাবে অতর্কিত হামলা শুরু করে। তারা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠেননি। এই চক্রটি মালামাল চুরির উদ্দেশ্যে এসেছিল। তাদের মারধর করে মালামাল নিয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ে হামলার ঘটনায় প্রেস ব্রিফিং হয়েছে।

ওই ব্রিফিংয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে ৩০-৪০ জনের একটি চোরচক্র চুরির উদ্দেশ্যে আসে। তারা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় কেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীরা টের পেয়ে সেখানে এসে তাদের বাধা দেয়। এ সময় তারা চড়াও হয়ে মারধর করে। পরে আনসার সদস্যরা ঘটনাস্থলে এলে তাদের ওপরও হামলা করে তারা। আনসার সদস্যরা দুর্বৃত্তদের হটাতে ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে। বিদ্যুৎকেন্দ্রটি অরক্ষিত হওয়ায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব যে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারাও চুরির সঙ্গে জড়িত রয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশ যা পেয়েছে তাতে এটা ডাকাতির ঘটনা নয় বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত