নেদারল্যান্ডস-বাংলাদেশ যৌথ মালিকানাধীন কোম্পানি বিএসকে বাংলাদেশ লিমিটেড কুমিল্লা ইপিজেডে একটি ব্যাগ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। তারা ৬১ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগে বার্ষিক ৩০ লাখ পিস হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, ওয়ালেট এবং ট্রলি ব্যাগ তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ১০৩২ জনের কর্মসংস্থান হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বিএসকে বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং বিএসকের চেয়ারম্যান মি. জেরোন হার্মস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান এদেশে আরও ডাচ বিনিয়োগ আনয়নের জন্য তিনি বিএসকে বাংলাদেশের চেয়ারম্যান জেরোন হার্মসকে অনুরোধ জানান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাচ দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্সের (অর্থনীতি বিষয়ক) প্রথম সচিব সারা ভান হুইভ এবং বিএসকে বাংলাদেশ-এর এমডি মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন। কোম্পানিটির সহপ্রতিষ্ঠান বিএসকে ফ্যাশন ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান বি সাওকাই (সোফি) ও এমডি জরিস গুইসাডোও এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
