শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছর কয়েকটি মানদন্ডের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের তালিকা করে। ২০২৪ সালের এই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয়। সংস্থাটি ২০২৩ সাল পর্যন্ত যে ছয়টি মানদন্ডের ভিত্তিতে এই তালিকা করতো- অ্যাকাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, ফ্যাকাল্টি স্টুডেন্ট, সাইটেশনস পার ফ্যাকাল্টি, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এবার আরও তিনটি বিষয়কে মানদন্ড হিসেবে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক, এমপ্লয়মেন্ট আউটকামস ও সাসটেইনেবিলিটি। এই নয়টি মানদন্ডের শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। উল্লেখ্য, গত ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থান ধরে রেখেছে। এ বছর বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৫০০টি প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। ঢাবি অবস্থান করছে ৬৯১ থেকে ৭০০-এর মধ্যে। তালিকায় স্থান পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৮০১-৮৫০), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৮৫১-৯০০), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (১০০০-১২০০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১২০১-১৪০০)। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় (১৪০১-১৫০০)।
×
