শিক্ষা পরামর্শ

যে পাঁচটি কাজ এগিয়ে দেবে সাফল্যের পথে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

সফল হওয়ার জন্য শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না। ক্লাসরুমের বাইরেও রয়েছে এক বিস্তৃত জ্ঞানের জগৎ। শিখতে হবে সেখান থেকেও। সেখান থেকে গ্রহণ করতে হবে জীবনের পাঠ। বাস্তব জীবনের এই কাজগুলোই জীবনে সফলতার পথে এগিয়ে দেয়। এমন পাঁচটি বিষয় নিয়ে লিখেছেন বিপুল জামান

খুঁজে নাও মেন্টর : নিজের জন্য খুঁজে নাও একজন মেন্টর। মেন্টর হলেন এমন একজন বিজ্ঞ পরামর্শদাতা, যিনি এমন অবস্থানে আছেন যেখানে তুমি পৌঁছতে চাও বা সেই পথে তোমার থেকে বেশ অনেকটা এগিয়ে আছেন। ফলে পথটা তার জানা। তাই এ বিষয়ে তোমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন। তবে এই পরামর্শদাতা খুঁজে পাওয়া সহজ নয়। পরামর্শদাতা হতে পারেন তোমার বড় ভাইবোন, আত্মীয়, গুরুজন যিনি ভালো পরামর্শ দিতে পারবেন বলে তোমার মনে হয়। কোনো সেলিব্রিটিও হতে পারেন যার জীবনকে তুমি অনুসরণ করো। তুমি যে পেশা গ্রহণ করবে বলে ভেবেছ, সেই পেশার সফল কোনো ব্যক্তিও হতে পারেন তোমার পরামর্শদাতা। তার কাছে কোনো কিছু না লুকিয়ে তোমার সমস্যা, লক্ষ্য, উদ্দেশ্য খুলে বলো। তারপর তার পরামর্শ অনুযায়ী কাজ করো।

দক্ষতা অর্জনে মনোযোগ দাও : সাফল্য লাভের জন্য পুঁথিজ্ঞান যথেষ্ট নয়। প্রয়োজন বাস্তব জীবনে কাজের অভিজ্ঞতা। আগে পেশাজীবীরা প্রাতিষ্ঠানিক জ্ঞান নিয়ে কোনো পেশায় প্রবেশ করে তারপর প্রশিক্ষণের মাধ্যমে সেই কাজ সম্পর্কে জ্ঞানলাভ করতেন। বর্তমানে যে  কোনো চাকরির সাক্ষাৎকারে ‘অভিজ্ঞতা’ আছে কিনা তা জানতে চাওয়া হয়। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আনুষঙ্গিক বিষয়েও দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে শিক্ষার্থী জীবনেই। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, এক্সেল, ওয়ার্ড প্রোগ্রাম ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকলে চাকরির ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া

সহজ হয়।

সহশিক্ষা কার্যক্রম : স্কুলে বা স্কুলের বাইরে যেসব সহশিক্ষা কার্যক্রম যেমন- গান, আবৃত্তি, নাচ, বিতর্ক, কুইজ, খেলাধুলা, বিভিন্ন অলিম্পিয়াড বা প্রতিযোগিতা আয়োজিত হয় সেগুলোতে অংশ নাও। তোমার মেধাকে বিকশিত করতে এগুলো বিশেষ সহায়ক। শুধু তাই নয়, সমাজের আর দশজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুমি অর্জন করতে পারবে এর ফলে, যা পেশাগত জীবনে সাফল্যের পথে তোমাকে অনেকটুকু এগিয়ে দেবে।

 নিজের সমস্যা নিজেই সমাধান করো : জীবনে চলার পথে সমস্যা আসবেই। এই সমস্যাগুলো নিজেই সমাধানের চেষ্টা করো। সমস্যা সমাধানের জন্য চিন্তাশক্তিকে নানাভাবে কাজে লাগাতে হয়। সৃজনশীলতাকে কাজে লাগাতে হয়। এর ফলে মেধার বিকাশ ঘটে। নিজের সমস্যা নিজেই সমাধান করা হলো প্রাপ্তবয়স্কতার অন্যতম লক্ষণ। সমস্যার সমাধানের মাধ্যমেই একজন মানুষ সাফল্যের পথে এগিয়ে যায়। তাই নিজের সমস্যা নিজেই সমাধান করার

চেষ্টা করো।

যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করো

মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং তা রক্ষা করা একটি বড় গুণ। এটি মানুষের প্রভাববলয়কে বিস্তৃত করে। সফলতা লাভের সহায়তা করে। তাই মানুষের সঙ্গে পরিচিত হও। যোগাযোগ রক্ষা করে চলো। সবার সঙ্গে যথাসম্ভব সদ্ভাব বজায় রাখো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত