জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আবাহনীতে খেলবেন আফিফ-তানভীর-তানজিম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে তিন ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যোগ দিচ্ছেন আবাহনীতে। আবাহনী ক্রীড়া চক্রের ব্যাটিং কোচ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এ তথ্য। আর ছাড় পেতে যাওয়া তিনি ক্রিকেটার হলেন- আফিফ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রাজিন সালেহ বলেন, ‘জাতীয় দল থেকে আফিফ, তানভীর ও তানজিম এসে যোগ দিবে। এছাড়া ঘাটতি মেটাতে আরও দুজন ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে। তারা হচ্ছেন পেসার ফাহাদ ও ব্যাটসম্যান মুন।’

আবাহনীর এই তিন ক্রিকেটারের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির ক্রিকেট অপারেশনসের ম্যানেজার শাহরিয়ার নাফীস এ তথ্য নিশ্চিত করেছেন দেশ রূপান্তরকে। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হবে মোহামেডান।

ডিপিএলের সুপার লিগে আরও তিন ম্যাচ বাকি। আজই বিকেএসপিতে তারা খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। আর অন্যদিকে আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন আবাহনীর ১০ জন ক্রিকেটার। ইনজুরিতে পড়েছেন জয় এবং খালিদও। এমন অবস্থায় আগামীকাল সুপার লিগের তৃতীয় রাউন্ডে শেখ জামালের বিপক্ষে ম্যাচে একাদশ গড়া নিয়েই দুর্ভাবনার মধ্যে পড়ে গিয়েছে আবাহনী।

সঙ্কট মেটাতে তাই বিসিবির কাছে তিন জন খেলোয়াড়কে এ ম্যাচের জন্য পেতে আবেদন করে আবাহনী। উপায়ান্তর না দেখে বিসিবিরও সায় দিতে হয়েছে এ আবেদনে। আবাহনী অবশ্য এবারের আসরের শিরোপা প্রায় জিতেই গিয়েছে। লিগে ১৩ ম্যাচে অপরাজিত আবাহনী বাকি থাকা তিন ম্যাচে হেরে গেলেও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কেননা দুইয়ে থাকা মোহামেডানের পয়েন্ট ২০। তবে আর একটি ম্যাচ জিতলে শতভাগ নিশ্চিত হয়ে যাবে ডিপিএল চ্যাম্পিয়ন হওয়া। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত