চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও দুইজন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া সড়ক ভবন সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে আটটার সময় পেচু মিয়া (৫২) গাছবাড়িয়া কলেজ গেইট থেকে বদুর পাড়া রাস্তার মাথায় যাওয়ার জন্য একটি যাত্রীবাহী অটোরিক্সায় (সিএনজি) ওঠেন। যাত্রীবাহী অটোরিক্সা চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের নতুন কলেজ গেটের পার্শ্বে সড়ক ভবন সংলগ্ন অংশে পৌঁছালে কক্সবাজারমুখী একটি ট্রাক নং বরিশাল- ড ১১-০২৩৪ দ্রুত বেগে অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়।
এ সময় গাড়িতে থাকা পেচু মিয়া (৫২) ঘটনাস্থলে নিহত হন ও অপর দুইজন আহত হয়। আহত দুইজন হলেন অটোরিক্সা চালক আবুল কালাম (৪৫) ও যাত্রী আলিফ (২২)।
আহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পেচু মিয়া (৫২) আনোয়ার উপজেলার বারখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাদামতলের মৃত আলী আহমদের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
