ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বুধবার

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:০১ এএম

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আগামী বুধবার ঢাকায় আসছেন। বছরের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই তিনি আসছেন।

গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো এ বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য গত সপ্তাহে ভারতীয় গণমাধ্যমেও মে’র প্রথম সপ্তাহে বিনয় কোয়াত্রার ঢাকা সফরের বিষয়ে খবর প্রকাশ হয়েছে।

জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন। ওইদিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ২০ এপ্রিল ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের কথা থাকলেও সেটা শেষ সময়ে স্থগিত করা হয়। ভারতে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত এ নির্বাচন চলবে। নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন এই আলোচনা আগে থেকেই চলছিল।

কূটনৈতিক সূত্র বলছে, এ বছরের জুনের শেষ দিকে শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করা হয়েছিল দুই দেশের উচ্চ পর্যায় থেকে। এখন ভারত এই সফরটি জুলাই মাসে আয়োজন করতে চায়। ঢাকা সফরে বিনয় কোয়াত্রার এটাই বাংলাদেশকে জানাতে পারেন।

গত ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লিতে হবে এমন বার্তা ভারতকে দেওয়া হয়েছে।

২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বিনয় মোহন কোয়াত্রা। তিনি গত বছর ফেব্রুয়ারিতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এবার দ্বিতীয় দফায় ঢাকায় তিনি এই সফরে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত