বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পুনর্নিয়োগ ও দুজন কমিশনার হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন। নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ও কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মহসিন চৌধুরী।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত তিনজনকেই আগামী ২ জুন বা যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ শামসুদ্দিন আহমেদ কমিশনার হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। অন্য দুজন এসইসির বর্তমান কমিশনার মিজানুর রহমান ও মো. আবদুল হালিমের স্থলাভিষিক্ত হবেন। তাদের মধ্যে মিজানুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে ১৯ মে। ২০ মে থেকে তার এ শূন্য পদে যোগ দেবেন এ টি এম তারিকুজ্জামান। তারিকুজ্জামান এসইসির নির্বাহী পরিচালক পদ থেকে অবসরে গিয়ে বর্তমানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আর মহসিন চৌধুরী স্থলাভিষিক্ত হবেন আবদুল হালিমের শূন্য পদে। এসইসির কমিশনার হিসেবে আবদুল হালিমের মেয়াদ শেষ হবে ১ জুন। এ কারণে আর্থিক প্রতিষ্ঠানের প্রজ্ঞাপনে মহসিন চৌধুরীকে ২ জুন থেকে কমিশনার হিসেবে যোগদানের কথা বলা হয়েছে।
আরেক কমিশনার রুমানা ইসলামের দুই বছরের বেশি মেয়াদ রয়েছে। তাই তিনি বহাল থাকছেন স্বপদে।
আইন অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি কমিশন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়ে গঠিত। সম্প্রতি চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা হবে।
