সমাবেশে কাদের

ভারতের সঙ্গে ২১ বছর শত্রুতা করে লাভ হয়নি

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৫২ এএম

পঁচাত্তর থেকে ছিয়ান্নব্বই পর্যন্ত শাসনামলের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের সঙ্গে ২১ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয়, অবিশ্বাস সৃষ্টি করেছিল। সে কারণে (দুই দেশের মাঝে) সম্পর্কের উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।’

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধু, কারও দাসত্ব করি না। আমাদের শক্তির উৎস দেশের মানুষ, জনগণ। ভারতের কাছে আমরা ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই। কারণ, এটা আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে ২১ বছর। আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না।’

বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বলতে চাই, গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছেন। পানির চুক্তি কে করেছেন? শেখ হাসিনা। সীমান্ত সমস্যার (সমাধানে) চুক্তি কে করেছেন? শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ (সমুদ্রসীমা) পেয়েছি আদালতের মাধ্যমে।’

গত শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সমাবেশে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ‘এক পশলা মিথ্যাচার’ করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এত দিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়ে ছিলেন? ভারতে? মাথায় উঠেছে গান্ধী টুপি। এখন ভন্ডামি শুরু করেছেন। তিনি পল্টনে দাঁড়িয়ে আমাদের ভারতের দালাল বলেছেন। এই অপবাদ তো আইয়ুব খান, ইয়াহিয়া খান দিয়েছিলেন।’

বিএনপিকে নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে যখন নির্বাচন হয়, বন্ধের দিন ভারতীয় হাইকমিশনারের সামনে দাঁড়িয়েছিল কারা? ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া। সাংবাদিকরা জিজ্ঞেস করল, আপনি ভারত সফর করলেন গঙ্গার পানির কী হলো? তিনি বললেন, আমি তো ভুলে গেছি। দালাল কারা?’

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন, অর্জনকে স্বীকৃতি দিয়েছে দেশের ৪২ শতাংশ ভোটার। এই নির্বাচন আজকে কোনো প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে! তাহলে ৩৬ থেকে ৪০ শতাংশ লোক ভোট দিল; তারা কারা? তারা এই দেশের জনগণ। তারা উন্নয়নে, অর্জনে মুগ্ধ।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত