শীর্ষে ফিরে শিরোপার অপেক্ষায় সিটি

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৪৯ এএম

জসকো গাভার্দিওলের জোড়া, ফিল ফোডেন আর জুলিয়ান আলভারেজের গোলে প্রিমিয়ার লিগে আরেকটি ৪-০ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর ফুলহ্যামের মাঠের এই জয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে সিটিজেনরা। ৩৬তম রাউন্ডের এই জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট এখন আর্সেনালের। পয়েন্টের ব্যবধান ধরে রাখতে পারলে টানা চতুর্থবার লিগ জিতবে ম্যানসিটি। লিগে দুদলেরই ম্যাচ বাকি দুটি করে।

তবে আজ আর্সেনালকে খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। গতকাল ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন ক্রোয়াট ডিফেন্ডার জাসকো গাভার্দিওল। প্রথম ৪৫ মিনিট বল দখলের পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য দেখায় সিটি। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এবারের লিগে ফোডেনের গোল হলো ১৭টি। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ডি ব্রুইনের পাস বক্সে দারুণ পজিশনে ফাঁকায় পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারেন আর্লিং হালান্ড। ৭১ মিনিটে দূরের পোস্টে ক্রস দেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা, সবাইকে ফাঁকি দিয়ে বল চলে যাচ্ছিল বাইরে, একেবারে শেষ মুহূর্তে পা বাড়িয়ে টোকায় বল জালে পাঠান গাভার্দিওল। মৌসুমে এটি গাভার্দিওলের পঞ্চম গোল। প্রিমিয়ার লিগে চতুর্থ। ৮২ মিনিটে হালান্ডকে তুলে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে নামান কোচ পেপ গার্দিওলা। হালান্ড চলতি মৌসুমে লিগে করেছেন ২৫ গোল।

শীর্ষ গোলদাতাও তিনি। আলভারেজ করেন ম্যাচে দলের শেষ গোলটি। সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে আলভারেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার দিওপ। স্পটকিকে গোল করেন আলভারেজ। গাভার্দিওলের সামনে সুযোগ ছিল প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে হ্যাটট্রিক করার। সিটির অধিনায়ক কাইল ওয়াকার গাভার্দিওলকে জিজ্ঞেসও করেছিলেন, তিনি পেনাল্টি নিতে চান কি না। গাভার্দিওল না বলাতেই পেনাল্টিটি নেন আলভারেজ। ‘আমি পেনাল্টি নেওয়ার বিষয়ে আলোচনা করেছিলাম, অবশ্যই আমি নিতে পারতাম কিন্তু আমাদের পেনাল্টি মারার জন্য একজন (নির্ধারিত) থাকে, সেই করে। জুলিয়ান এলো এবং গোল করল।’ চলতি মৌসুমে লিগে আলভারেজের গোল হলো ১১টি। ফুলহ্যামের সঙ্গে চার গোল করে আর্সেনালের সঙ্গে গোল ব্যবধানও কমিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। আর্সেনালের চেয়ে মাত্র দুই গোল কম তাদের। আগামীকাল আর্সেনাল যদি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারে তবে নিজেদের পরের ম্যাচটি জিতলেই শিরোপা জিতে যাবে ম্যানসিটি। লিগের শেষ দুই রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত