কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:২৮ এএম

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ২৫ আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন। আর ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের রায়ের পর যারা কারাগারের কনডেম সেলে রয়েছেন তারা অস্থির হয়ে উঠেছেন সাধারণ সেলে যাওয়ার জন্য। তারা বিশৃঙ্খলা করছেন। এই রায় যদি স্থগিত করা না হয় তাহলে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা কার্যকরে এক ধরনের বাধ্যবাধকতা চলে আসবে।’

শিশির মনির বলেন, ‘হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছে। পূর্ণাঙ্গ রায় ছাড়া এটার কার্যকারিতা নেই। রায় দেখা ছাড়া কীভাবে সিদ্ধান্ত দেবে? সমস্যা তৈরি হলে স্থিতাবস্থা দিতে পারে।’ উভয় পক্ষের বক্তব্য শুনে চেম্বার আদালত আগামী ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে।

এর আগে গত সোমবার রায় দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কনডেম সেলে রাখা যাবে না। তিনজন আসামির করা এ-সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ ওই রায় দেয়। গত মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত