তাপপ্রবাহ সারা দেশে দুজনের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:২৩ এএম

যথারীতি সর্বোচ্চ তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে রেকর্ড হওয়া ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। কয়েক দিন ধরে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর ও ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবং এ অঞ্চল থেকে আসা লু হাওয়া (গরম বাতাস) ছড়িয়ে পড়ছে ঢাকা পর্যন্ত।

আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, উত্তর-পশ্চিম দিক থেকে আসা লু হাওয়ার কারণে ঢাকায় দুদিনে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। গত বুধবার ঢাকায় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও গতকাল রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা গরম বাতাস সারা দেশে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। গত বুধবার দেশের ৪২টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও এবার তা ৬৪ জেলায় উন্নীত হয়েছে। এ বিষয়ে কথা হয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আজ (গতকাল) সারা দেশেই ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। আরও দুদিন তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। তবে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকলেও উত্তর-পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে। এতে সেসব এলাকায় তাপমাত্রার পারদ হয়তো কিছুটা কমতে পারে।’

উত্তর-পশ্চিম দিক থেকে আসা তাপপ্রবাহ ঢাকা ও মধ্যাঞ্চল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার কথা জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আজ শুক্র ও কাল শনিবার তাপমাত্রা বাড়তি থাকতে পারে। রবিবারের পর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

লু হাওয়া (গরম বাতাস) প্রসঙ্গে জানতে চাইলে অস্ট্রেলিয়ান কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দেওয়ান বলেন, ‘বছরের মে ও জুন মাসে পাকিস্তান ও উত্তর ভারতের এলাকা থেকে ধুলোবালিযুক্ত উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয়। গরম এ বাতাস আমাদের দেশে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করে। আর এ কারণের স্বল্পমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে।’

আবহাওয়াবিদরা জানান, পশ্চিমা এ বাতাস প্রবাহিত হলে পুবালি বায়ুর সংস্পর্শে এসে কালবৈশাখীর সৃষ্টি করে। আর এ কারণেই দেশে আগামী সোমবার থেকে বজ্রসহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে চলমান এ তাপপ্রবাহ কোনোভাবেই তীব্র তাপপ্রবাহে রূপ নেবে না উল্লেখ করে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী রবিবারের পর এর তীব্রতা কমে আসতে পারে। সারা দেশে কালবৈশাখীর প্রভাব বাড়বে।

এবারের তাপপ্রবাহ দেশের পশ্চিম দিক দিয়ে প্রবেশ করছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলেন, ‘বছরের এ সময়ে রাজস্থান, উত্তর ও মধ্যপ্রদেশ থেকে আসা তাপপ্রবাহ রংপুর ও রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করে। এর আগে দক্ষিণ-পশ্চিমের যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা বেশি রেকর্ড হয়েছিল।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে গত বুধবার ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকছে এ অ্যালার্ট। গতকাল সারা দেশের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রার পারদ বেশি ছিল। সৈয়দপুরে ৩৯ দশমিক ৪, দিনাজপুরে ৩৯ দশমিক ৩, রাজারহাটে ৩৯ দশমিক ২, নীলফামারীর ডিমলায় ৩৯, রাজশাহীতে ৩৮ দশমিক ৮ ও রংপুরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগে তাপমাত্রা বাড়ছে, ঢাকায় ৩৭ দশমিক ৭, টাঙ্গাইলে ৩৮ ও ফরিদপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ ছাড়া অন্য এলাকাগুলোতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

‘হিট স্ট্রোকে’ আনসার প্লাটুন কমান্ডারের মৃত্যু : তীব্র গরমে রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে আবু তালেব (৫০) নামে একজন মারা গেছেন। তিনি আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় দোকান কর্মচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তালেবের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তার ভাই শাহবাগ থানার অধীন আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন নিউমার্কেট সিটি কমপ্লেক্সে। থাকতেন ওই এলাকাতেই। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। স্ত্রী ও সন্তান গ্রামে থাকে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন জানান, আবু তালেবের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সিলেটে ‘হিট স্ট্রোকে’ যুবকের মৃত্যু : নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, সিলেটে ‘হিট স্ট্রোকে’ শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল নগরীর জিন্দাবাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমদের ছেলে।

কিশোরগঞ্জে অসুস্থ ৩০ শিক্ষার্থী : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে প্রচ- গরমে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই তারা অসুস্থ হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত