লৌহজংয়ে ৪৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:১২ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা। আগামীকাল (২১ মে) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। এতে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ পালন করা হচ্ছে। সবধরনের প্রস্তুতি শেষে এখন শুধু রাত পোহালে ভোটের পালা।

এবারের নির্বাচনে এখানে তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই‌ হবে। দুই প্রার্থীর এমন তুমুল প্রচারণা ইতিহাস হয়ে থাকবে লৌহজংয়ে উপজেলা পরিষদ নির্বাচনটি। উৎসবমুখর পরিবেশে এরকম নির্বাচনে কখনও দেখেননি উপজেলাবাসী। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় রশিদ শিকদারের সমর্থকদের বিরুদ্ধে চারটি এবং বিএম শোয়েবের সমর্থকদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় দু'পক্ষে কমপক্ষে অর্ধশতাধিক সমর্থক আহত হন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে জনসাধারণের কাছে প্রশ্নবিদ্ধ প্রশাসন।

উপজেলার ১০টি ইউনিয়নে ৬১টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে খিদিরপাড়া, বৌলতলী, গাওদিয়া, হলদিয়া, কুমারভোগ ও মেদিনীমণ্ডল ইউনিয়ন উল্লেখযোগ্য।

চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিন প্রার্থী৷ বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপনের (চশমা), উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য জামাল হোসেনের (টিউবওয়েল) এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু (তালা) প্রতীক৷ মহিলা ভাইস চেয়ারম্যান চার প্রার্থী৷ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম (হাঁস), মাকসুদা খানম লাকী (পদ্মফুল), তানিয়া আফরোজ শ্যামলী (কলস) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শামীমা খানম আভা (ফুটবল) প্রতীক।

এ নির্বাচনে আ. লীগের প্রতিদ্বন্দ্বী আ. লীগ হওয়ায় বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বা অন্যান্য সমমনা কোন দলেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে বিএনপি উপজেলা পর্যায়ের কর্ণধাররা তাদের নেতাকর্মীদের ডেকে ডেকে নির্বাচন করার নির্দেশ দিচ্ছে। তবে বিএনপির নেতারা দিনে ভোট বর্জনের লিফলেট বিতরণ করলেও রাতে অর্থাৎ গোপনে নির্বাচন করে যাচ্ছে। এমনকি প্রকাশ্যে নির্বাচনের প্রচারণার মাঠেও দেখা গিয়েছে।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, ১০ ইউনিয়নে ৬১ কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, ৪৪৩টি কক্ষে একজন সহকারী প্রিজাইডিং অফিসার, দুইজন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ১ লাখ ৬৬ হাজার ৭৯৮ জন ভোটারের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১০/১৫ জন পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য রাখা হয়েছে। এর মধ্যে ৮৬ হাজার ৬৬ জন পুরুষ এবং ৮০ হাজার ৭৩২ জন নারী ভোটারদের জন্য আলাদা আলাদা নারী পুরুষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার প্লাটুন বিজিপি, পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপির সদস্যরা টহল দিচ্ছে। আশা করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের উপস্থিত সংখ্যা বেশি হবে।

অপরদিকে, টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী, ছয় জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও চার জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত