নির্বাচনের মধ্যেই ইসির সচিব রদবদল

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:১৫ এএম

নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শফিউল আজিম। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।

এদিকে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

সচিব হওয়ার আগে মো. জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত