বর্তমান যুদ্ধবিধ্বস্ত বিশ্বে গৌতম বুদ্ধের বাণী অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, আমাদের সংবিধানেও বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে গেছেন। তার বিপরীতে গিয়ে আমাদের কিছু করার কোনো সুযোগ নেই।
আজ বুধবার (২২ মে) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ২৫৬৭ বুদ্ধ বর্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বুদ্ধ বাণীতে অহিংসতার বাণীকে আমরা সবসময় দেখতে পাই। তিনি পৃথিবীকে সুখ ও শান্তিময় করতে কাজ করেছেন। পৃথিবীর সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করার কথা বলেছেন।
তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের অসামান্য উন্নয়ন হয়েছে। দশ বছর আগেও বিদেশ গেলে চিন্তা করতাম আমাদের বাংলাদেশ কোথায়। গৌতম বুদ্ধের অহিংস বাণী থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তিময় রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনের অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জিসহ অন্যরা।
সাবেক সেনাপ্রধানের ওপর স্যাংশন, সরকারকে দুষলেন ফখরুল
হেরোইনসহ নারী মাদক কারবারি আটক