ভোট চাইতে গিয়ে হাঁস-মুরগি-সবজি উপহার পেলেন চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ২৩ মে ২০২৪, ০১:৫৫ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চাইতে গিয়ে হাঁস-মুরগি-সবজি উপহার পেলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

বুধবার (২২ মে) সন্ধ্যায় সোনাগাজী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দোয়াত-কলম মার্কার সমর্থনে পথসভা করার সময় তিনি এসব উপহার পান।

জানা যায়, পথসভায় লিপটনকে কাছে পেয়ে নারী ভোটাররা খুশি হয়ে নিজেদের উৎপাদিত শাক-সবজি (লাউ, মিষ্টি কুমড়া, নারিকেল), ঘরে পোষা হাঁস-মুরগি, কবুতর, ডিম ইত্যাদি উপহার দেন। 

উপহার প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, নিজেদের উৎপাদিত এসব পণ্য এলাকাবাসী আমার হাতে তুলে দিয়ে আরও বেশি কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন আমাকে। এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পাশে থাকব, তাদের খেদমত করব।

পথসভায় উপস্থিত ভোটাররা জানান, চেয়ারম্যান প্রার্থী লিপটন বিগত পাঁচ বছরে তাদের জন্য অনেক কাজ করেছেন, তাদের সমস্যায় এগিয়ে এসেছেন। তাই তারা নিজেরাই তার জন্য ভোট প্রার্থনা করছেন।  

এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াতুল হক বিটু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী লিটন, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসমিম আক্তারসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত