রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
ম্যাঙ্গো বরফি
উপকরণ
পাকা আম দুটি, ঘি সিকি কাপ, চিনি পৌনে এক কাপ, কোরানো নারিকেল এক কাপ, ঘন দুধ এক কাপ, এলাচ গুঁড়া হাফ চামচ, পেস্তা বাদাম কুচি, তবক পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন
আমের খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্র দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে কোরানো নারিকেল একটু ভালো করে ভেজে নিন। এর মধ্যে দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন।
মিশ্রণ কমে এলে এর মধ্যে আম দিয়ে দিন ও নাড়তে থাকুন। ঘন হয়ে এলে বাকি ঘি দিয়ে দিন। বরফির মতো হয়ে এলে ঘি মাখানো পাত্রে ঢেলে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ইচ্ছা করে কেটে ওপরে পেস্তা বাদাম কুচি ও তবক দিয়ে পরিবেশন করুন।
মিনিম্যাঙ্গো চিজ কেক
উপকরণ
আমের পিউরিপনে এক কাপ, গলানো মাখন আধা কাপ, ডাইজেস্টিভ বিস্কুট এক প্যাকেট, জেলাটিন ১ চা চামচ, গরম পানি এক টেবিল চা চামচ, হুইপ ক্রিম এক কাপ, ক্রিম চিজ আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
জেলাটিন পানিতে ভালো করে মিশিয়ে নিন। মাইক্রোওভেনে দশ সেকেন্ড দিয়ে ভালো করে গলিয়ে নিন। ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া করে এর সঙ্গে গলানো মাখন মিশিয়ে রাখুন। কাপ কেকের মোল্ড নিয়ে বিস্কুটের সামান্য মিশ্রণ নিয়ে চেপে চেপে বসিয়ে একটা লেয়ার করুন। হুইপ ক্রিম বিট করে নিন। এবার এর মধ্যে ক্রিমচিজ দিয়ে ভালো করে বিট করুন। ভালো করে বিট হলে এর সঙ্গে আমের পিউরি ও জেলাটিন দিয়ে বিট করে নিন। এই মিশ্রণটা বিস্কুটের লেয়ারের ওপর ঢেলে দিন ও ৫-৬ ঘণ্টা চিলারে রাখুন।
৫-৬ ঘণ্টা পর চিলার থেকে বের করে আমের কুচি বা পিউরি দিয়ে পরিবেশন করি।
ম্যাঙ্গো কাস্টার্ড ডিলাইট
উপকরণ
আম দুটি, দুধ এক লিটার, চিনি আধা কাপ, কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ, চিয়া সিড এক চা চামচ, সিদ্ধ সেমাই পরিমাণ মতো, স্ট্রবেরি জেলি পরিমাণ মতো। পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন
পরিমাণ মতো পানির সঙ্গে জেলি পাউডার মিশিয়ে জেলি বানিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। আম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চিয়া সিডকে এক টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন।
চুলায় দুধ দিয়ে এর মধ্যে চিনি দিয়ে নাড়তে থাকুন। সামান্য ঘন হলে সামান্য দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে ঢেলে দিন ও ভালো করে নাড়তে থাকুন।
মিশ্রণটি হালকা ঘন হলে আম দিয়ে ভালো করে মিশিয়ে দুই মিনিট রান্না করুন। এর মধ্যে সিদ্ধ সেমাই দিয়ে ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে দিন।
একটা গ্লাসে মিশ্রণ ঢেলে এর মধ্যে পরিমাণ মতো জেলি, চিয়া সিড ও বরফ কুচি দিয়ে হালকা নেড়ে ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
আমের কুলফি
উপকরণ
আম দুটি, দুধ আড়াই কাপ, চিনি হাফ কাপ, এলাচ গুঁড়া হাফ চা চামচ, ফ্রেশ ক্রিম হাফ কাপ, কেশর এক চিমটি। পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন
আম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
চুলায় দুধ দিয়ে এর মধ্যে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে
থাকুন। ঘন হয়ে এলে এর মধ্যে ফ্রেশ ক্রিম ও কেশর দিয়ে দিন।
মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন ও ব্লেন্ড করা আম ও সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে মিশিয়ে নিন। কুলফির মোল্ডে ঢেলে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখুন। ৫-৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
