ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চার উপজেলায় আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম এক ঘন্টার ভোটচিত্রে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খবই কম। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে সবকয়টি উপজেলায় যথারীতি ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে কড়া অবস্থান। পুলিশ ছাড়াও র্যাব ও বিজিবি সদস্যদের ভোট কেন্দ্রগুলোর কাছে টহল দিতে দেখা যায়।
আনোয়ারা উপজেলার বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রথম এক ঘন্টার ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, সেখানে মোট ২০৫৩ জন ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯৮টি।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাঈনুদ্দিন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রত্যেক প্রার্থীর এজেন্টরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ দায়িত্ব পালন করছে। অন্যদিকে চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩০০ ভোটের মধ্যে প্রথম এক ঘণ্টায় মাত্র ৪৯জন ভোটার ভোট দিয়েছেন। তবে, আনোয়ারার উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটারদের কিছুটা উপস্থিতি রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রামের চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন। এর মধ্যে ৫ লাখ ১১ হাজার ৬৫৫ জন পুরুষ ও ৪ লাখ ৫৭ হাজার ৮৪৬ জন নারী ভোটার রয়েছেন। চার উপজেলার ৩৫৬টি কেন্দ্রের ২ হাজার ৩৫৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। চারটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ঘণ্টায় এক বুথে ভোট পড়েছে ৩টি
মেরিন ইঞ্জিনিয়ার থেকে কুখ্যাত চোরাকারবারি শাহীন