ভারতের লোকসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ, রায়বরেলি থেকে ওয়েনাড়-একসঙ্গে দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়ে নজির গড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর প্রদেশের রায়বরেলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে পেছনে ফেলে প্রায় ৪ লাখ ভোটে জয়ী হয়েছেন তিনি। আর তার নিজের কেন্দ্র দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাড়েও ৩ লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে জয়ী হয়েছেন রাহুল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক নির্বাচনী-জয় নয়, রাহুল ও তার দলের সম্মানের জয়। এটি রাহুলকে বড় নেতা হিসেবে দাঁড় করানোর জয়।
২০১৪ সালে কংগ্রেস ক্ষমতা হারানোর পর থেকে বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছে রাহুল গান্ধীকে। কখনো পাপ্পু, কখনো শেহজাদে-এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা। লোকসভা নির্বাচন ছাড়াও বিধানসভা ভোটেকে কেন্দ্র করেও বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার তথা রাহুল।
এক বছর আগে মোদি পদবি নিয়ে মানহানি মামলার জেরে রাহুল গান্ধীকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছিল। তার সরকারি বাংলোও কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিমকোর্টের রায়ে পুনরায় সংসদে ফিরেছিলেন রাহুল। ফিরে পান সরকারি বাংলোও। তারপর এবার দুই কেন্দ্রে একসঙ্গে রাহুলের জয় তার নিজের এবং বিরোধীদের কাছেও নৈতিক জয় বলে মনে করা হচ্ছে।
কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। সরকার গঠন করতে না পারলেও অন্ধকারের ডুবতে বসা কংগ্রেসে আলোর মশাল জে¦লেছেন রাহুল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কার্যত ভারতজোড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। আর এই পথচলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয়, মানুষের কাছাকাছিও নিয়ে এসেছিল। সেই সঙ্গে তার সম্পর্কে বিজেপি যে ধারণা মানুষের মনে গেঁথে দিয়েছিল তা পাল্টে গিয়েছিল।
ভারত তথা পুরো বিশ্ব দেখেছে, রাহুল গান্ধী সাধারণ মানুষকে জড়িয়ে ধরছেন। ছাত্র থেকে শুরু করে ট্রাকচালক-সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধীর এই চেহারা ভারতবাসী আগে দেখেননি।
অবশ্য ভাইয়ের এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বোন প্রিয়াঙ্কা গান্ধীরও। নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন, এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু ‘তিনি তা করেননি। তার ভাষ্য ছিল, নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে। কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা।
এনডিটিভির ফলাফল আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২২৯ আসনে। ভোটের ফল যাই হোক না কেন, ভারতের রাজনীতিতে কংগ্রেসের অবস্থান যেমন শক্ত হলো তেমনি রাহুল-প্রিয়াঙ্কার বড় নেতৃত্ব দেওয়ার চর্চার শুরু হলো।
