চলছে পবিত্র হজের মৌসুম। সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান হজের উদ্দেশে মক্কায় গমন করছেন। সৌদি সরকার হজযাত্রীদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বরণ করে নিচ্ছেন। হজযাত্রীদের সুবিধার জন্য যাবতীয় পরিষেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। পরিষেবার অংশ হিসেবে মসজিদে হারামের জেনারেল অথরিটি হজযাত্রীদের জন্য পবিত্র কোরআনের বিপুল সংখ্যক অনুলিপি সরবরাহ করেছে।
জেনারেল অথরিটি কর্র্তৃক সরবরাহকৃত কোরআনের এসব অনুলিপি ইংরেজি, উর্দু, ফরাসি, ইন্দোনেশিয়ান, তুর্কি, চীনা, সোমালি, মালয়ালম, বাংলা, ফিলিপিনো, স্প্যানিশ, আলবেনিয়ান এবং হাউসাসহ মোট ৩৫টি ভাষায় অনুবাদ করা হয়েছে। যেন সবাই মাতৃভাষায় কোরআনের অর্থ উপলব্ধি করতে পারে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআনের কপি, সরল ব্যাখ্যাসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য পুস্তিকা সরবরাহ করা হয়েছে। চলতি হজ মৌসুমে জেনারেল অথরিটি কর্র্তৃক কোরআন নিয়ে বিশেষ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। সেখানে কোরআনের বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা সংক্রান্ত বই, প্রয়োজনীয় বিভিন্ন মাসয়ালা সংক্রান্ত পুস্তিকা, বৈজ্ঞানিক বই, বিভিন্ন বিষয়ে ছোট ছোট পুস্তিকা, ম্যাগাজিন প্রদর্শন ও বিতরণ করা হবে। কর্র্তৃপক্ষ মসজিদে হারামের দর্শনার্থীদের কোরআনের পবিত্রতা রক্ষা এবং বিশেষ গ্রন্থগুলোর পাঠ শেষে সেগুলো যথাস্থানে ফেরত দেওয়ার আহ্বান জানান। যেন প্রত্যেক হজযাত্রী সেসব গ্রন্থ থেকে উপকৃত হতে পারে।
