বগুড়া আইএফআইসি ব্যাংকের উপশাখার ২৯ লাখ টাকা লুট

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:৫৫ এএম

বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে আইএফআইসি ব্যাংকের উপশাখা অবস্থিত। এ উপশাখায় নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে ব্যাংক ম্যানেজারসহ দুই কর্মকর্তা, একজন ওয়াচম্যান ও এক কর্মচারী মিলে চারজন কর্মরত। নেই কোনো নৈশপ্রহরী। গত বুধবার সারা দিনে লেনদেন হয় ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা। তা সিন্দুকে রেখে বাড়ি চলে যান সবাই। গতকাল বৃহস্পতিবার সকালে এসে দেখেন সিন্দুক ভাঙা, সেখানে নেই কোনো টাকা। লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতের কোনো এক সময়ে শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়ার পুলিশ, র‌্যাব ও সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় দ্বিতল ভবনের ওপরতলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ওয়াচম্যান শুধু ব্যাংক যতক্ষণ, ততক্ষণ দায়িত্ব পালন করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, বুধবার রাতের যেকোনো সময় চোরের দল ছাদের সিঁড়িঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে টাকা নিয়ে আবারও সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায়।

তবে চুরি বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। কোনো অযাচিত ব্যক্তি প্রবেশ করলে এলার্ম বেজে ওঠার কথা ছিল, যা এই ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানতে পারত, সেটিও হয়নি।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মাটিডালি এলাকায় দ্বিতল ভবনের ওপরতলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ্য প্রহরী ছিল না। এ ছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত