ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:২৬ পিএম

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ (৪৫), দেলোয়ার শেখের ছেলে রুহান শেখ (১৮), ভাই হাসান শেখ (৩০) ও বোন রোজিনা (৩৩)।

ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের ভাই জাকির শেখ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১০টার দিকে ও স্থানীয় বাসিন্দা আকবর খানের সঙ্গে আমার ভাই ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের ফোনে কথা কাটাকাটি হয়। তার ঘণ্টাখানেক পর আকবর খান ২৫ থেকে ৩০ জনের মতো সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে  হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা চেয়ারম্যানসহ আমাদের পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহয়তায় তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আকবর খান বলেন, সামান্য বিষয় নিয়ে চেয়ারম্যান আমাকে গালিগালাজ করে। গালিগালাজ করার বিষয়ে তার কাছে জানতে গিয়েছিলাম। পরে তার লোকজন আমার উপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমিসহ আমার ভাই, দুই ভাতিজা ও আরও কয়েকজন আহত হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলার সাথে জরিতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত