রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে চাপা ৯ প্রাণ

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:৩০ এএম

ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় পাহাড় ধসে শিশু ও নারীসহ নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। গতকাল বুধবার ভোরে পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৮, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি। বাকিরা সবাই রোহিঙ্গা।

নিহত দুই বাংলাদেশি হলো পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাইংখালীর চোরা খোলা গ্রামের শাহ আলমের ছেলে আবদুল করিম (১২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের আলী জহুরের ছেলে মো. হোসেন আহমদ (৫০)।

আর নিহত রোহিঙ্গারা হলো ক্যাম্প ৮ ইস্টের ব্লক বি/৮২-এর মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ক্যাম্প ৯ এর ব্লক আই/৪-এর আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), ব্লক আই/৯-এর মো. জামালের ছেলে সালমান (৩) এবং ক্যাম্প ১০-এর ব্লক এফ/১০-এর লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪) ও শরীফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯)।

উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক মো. আমির জাফর বলেন, মঙ্গলবার থেকে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আজ (গতকাল) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটিচাপা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও এপিবিএনসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের পরিদর্শক আতিশ চাকমা বলেন, ‘খবর পেয়ে আমরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছি। বাকি তিনজনের মরদেহ রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা উদ্ধার করে। দুই দফায় ৪৫ মিনিটের অভিযানে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উখিয়া থানার ওসি শামীম হোসাইন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন বলেন, ‘অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা মঙ্গলবার রাত থেকেই ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানোর কাজ করছি। এখন এটি আরও জোরালো করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত