ফিলিস্তিনিদের মানবঢাল বানাচ্ছে ইসরায়েল!

আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:২৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজায় আগ্রাসনের শুরু থেকেই সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু দিন দিন যেন এই মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার গুলিবিদ্ধ আহত, রক্তাক্ত এক ফিলিস্তিনিকে জিপগাড়ির সামনে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় গত শনিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে এ ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরার অনলাইনে বলা হয়েছে, আহত ওই ব্যক্তিকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নৃশংস এই ভিডিওটি। যেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর চলন্ত জিপের বনেটের ওপর আহত এক ব্যক্তিকে দেখা গেছে। তাকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে।

ভিডিওর বিষয়ে মুখ খুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ছাড়া বিবিসির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাহিনীটি। তারা বলেছে, এ ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইডিএফ জানায়, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিলেন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বারকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ইসরায়েলের সেনারা। অভিযান চলাকালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ইসরায়েলি সেনারাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন। প্রোটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত ব্যক্তিটির নাম মুজাহেদ আজমি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি জেনিনের স্থানীয় বাসিন্দা।

অন্যদিকে গুলিবিদ্ধ ওই ফিলিস্তিনি পরিবারের সদস্যদের অভিযোগ, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল তারা। কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের বনেটের সঙ্গে আহত ব্যক্তিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। তবে শেষ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে।

দৃশ্যত, মানবঢাল বানানোর এই ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অধিকৃত ফিলিস্তিন ভূ-খন্ডে মার্কিন বিশেষ র‌্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ এ ঘটনাকে মানবঢাল বানানো হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘এটা বিস্ময়কর যে ৭৬ বছর আগে জন্ম নেওয়া একটি রাষ্ট্র কীভাবে আন্তর্জাতিক আইনের প্রতি এভাবে অবজ্ঞা দেখাল। এটা বহুপক্ষীয় সমাপ্তির ঝুঁকি তৈরি করল, যা আর কোনো সদস্যরাষ্ট্রের প্রাসঙ্গিক উদ্দেশ্য পূরণে অক্ষম।’

এদিকে আট মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে সাড়ে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫ হাজারের বেশি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া হামলায় আরও ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই নিহতদের মতো নারী এবং শিশু।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ১০১ জন নিহত এবং আরও ১৬৯ জন আহত হয়েছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত