ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের সময় আরও চার ঘণ্টা বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দফায় দুই ঘণ্টা করে চার ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়। আর যেহেতু ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে, তাই ভোট গণনা ও ফল ঘোষণা হতেও দেরি হবে।
এদিকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন। দেশটির ‘প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে’ উঠে এসেছে এ তথ্য। যদিও এ তথ্য জনসাধারণের জন্য প্রকাশ হয়নি। তবে জরিপটির ফল দেখেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। ওই জরিপে দেখা গেছে, মাসুদ পেজেশকিয়ান পেতে পারেন ৩৭ শতাংশ ভোট। এর ফলে নির্বাচন যদি রানঅফে গড়ায় তাহলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে। অন্যদিকে মাসদাদের ফেরদৌসি বিশ^বিদ্যালয়ের চালানো একটি জরিপে দেখা গেছে, মাসুদ ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পাবেন।
ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মাসুদই একমাত্র সংস্কারপন্থি ব্যক্তি। বাকিরা ইসলামিক রক্ষণশীল মনোভাবাপন্ন।
রক্ষণশীল প্রার্থীদের মধ্য থেকেই কেউ যেন প্রেসিডেন্ট হতে পারেন, সেজন্য তাদের এক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন রক্ষণশীল নেতারা। কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বাকের কালিবাফ এবং সাইদ জালিলি নিজেদের অবস্থান ধরে রেখেছেন, যা রক্ষণশীলদের ভোটব্যাংকের ক্ষতি করেছে।
অবশ্য আলি রেজা জাকানি এবং আমির হোসেন কাজি জাদেহ নামে দুই প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ইরানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ ভোট পেতে হবে। কেউ যদি এ ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারেন, তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে, যা রানঅফ নামে পরিচিত। এই রানঅফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা।
জরিপে উঠে এসেছে, নির্বাচন রানঅফে গড়ালে সেখানেও সর্বোচ্চ ভোট পেয়ে মাসুদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ জুলাই রানঅফের তারিখ নির্ধারণ করা আছে।
২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। কিন্তু গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় তার। এরপর সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করে ইরান।
