নবীজি যে প্রাণী সম্পর্কে সতর্ক করেছেন

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:০১ এএম

পৃথিবীর প্রাণিকুল মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্ট সব প্রাণীই কোনো না কোনোভাবে মানুষের জন্য কল্যাণকর। বাহ্যিকভাবে আমাদের কাছে কল্যাণের দিকটি উপলব্ধি হোক কিংবা না হোক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা।’ (সুরা নাহল ৬৬) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘মানুষের জন্য এগুলোতে (চতুষ্পদ জন্তুর মধ্যে) রয়েছে বহু উপকারিতা ও পানীয় উপাদান। তবুও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না?’ (সুরা ইয়াসিন ৭৩)

মানুষের মধ্যে যেমন মন্দ প্রকৃতি রয়েছে তেমনি প্রাণিকুলের মধ্যেও কতক এমন প্রাণী রয়েছে যেগুলোর ব্যাপারে মহান আল্লাহ ও রাসুল (সা.) মানুষকে সতর্ক করেছেন। সেগুলোর মন্দ দিক তুলে ধরে মানুষকে নানাভাবে শিক্ষা দিয়েছেন। বিষাক্ত সাপ তার মধ্যে অন্যতম। হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয় বাড়িঘরে সাপ রয়েছে। যদি তোমরা সেখানে কোনো সাপ দেখতে পাও তাহলে ৩ বার সতর্ক করবে। এতে সাপ যদি চলে না যায় তাহলে সেটিকে মেরে ফেলবে। কেননা তা অবাধ্য।’ (সহিহ বুখারি)

আবু সাইদ খুদরি (রা.) থেকে অন্য বর্ণনায় এসেছে, ‘মদিনায় জিনদের একটি দল ইসলাম গ্রহণ করেছিল। যদি কেউ বাড়িতে সাপের আকৃতি ধারণকারী কোনো জিন দেখতে পায় তাহলে যেন ৩ বার সতর্ক করে। তারপরও যদি সাপটি গর্ত থেকে বের হয়ে আসে তাহলে সেটিকে হত্যা করে ফেলবে। কেননা তা শয়তান। (সহিহ মুসলিম)

এসব হাদিসে মানুষকে যে ৩ বার সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে তা কেবল বাড়িতে বসবাস করে এমন সাপগুলোর জন্য প্রযোজ্য। এ ছাড়াও এমন কতক সাপ কিংবা ক্ষতিকর প্রাণী রয়েছে যেগুলোকে রাসুল (সা.) দেখা মাত্রই হত্যা করে ফেলার নির্দেশ দিয়েছেন।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) মসজিদের মিম্বরে খুতবায় বলেছিলেন ‘তোমরা সব সাপ হত্যা করে ফেলবে।’ আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, এরপর থেকে যে সাপই দেখতাম মেরে ফেলতাম। (সহিহ বুখারি)

হজরত সালেম তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা দুই শিং বিশিষ্ট ও লেজকাটা সাপ হত্যা করে ফেলবে। কেননা তা গর্ভপাত করে দেয় এবং দৃষ্টি নষ্ট করে ফেলে।’ (সহিহ মুসলিম) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা দুটি কালো প্রাণীকে (সাপ ও বিচ্চু) নামাজরত অবস্থায় মেরে ফেলবে।’ (জামে তিরমিজি)

সমাজে একপ্রকার কুসংস্কার রয়েছে। কেউ যদি সাপ মেরে ফেলে তাহলে সেই সাপের বংশের কিংবা সঙ্গীর কোনো সাপ সেই ব্যক্তি থেকে প্রতিশোধ নিতে আসে। এমন ধরনের বিশ্বাস পোষণ করা কিংবা এগুলোকে সঠিক মনে করা অত্যন্ত গোমরাহি ও ভ্রান্ত চিন্তা। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সব ধরনের সাপ হত্যা করে ফেলবে। অতএব যে সাপ থেকে প্রতিশোধের ভয় পায় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (আবু দাউদ) স্বপ্নের বিষয়ে প্রখ্যাত ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিনের মতে, সাপ স্বপ্ন দেখার অর্থ হচ্ছে নিজের শত্রুকে দেখা। স্বপ্নে মানুষটির বিপরীতে সাপ যতটা সবল ও শক্তিশালী, বাস্তবে তার শত্রুরা ততটাই শক্তিশালী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত