১১ বিলিয়ন ডলার ঋণপ্রস্তাব রয়েছে

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৪৮ এএম

স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবির ২২ হাজার ৩৫৫ কোটি টাকার বিনিয়োগ আছে। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১১ বিলিয়ন ডলারের ঋণপ্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে এডিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এডিবির একটি বড় বিনিয়োগ অংশীদার স্থানীয় সরকার মন্ত্রণালয়। বন্যা আশ্রয়কেন্দ্র, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং পানি সমস্যার সমাধানে তারা বিনিয়োগ করেছে। রোহিঙ্গা সম্প্রদায় যেসব অঞ্চলে আশ্রয় নিয়েছে, সেখানকার হোস্ট কমিউনিটির (আশ্রয়দাতা) জন্যও বিনিয়োগ করেছে এডিবি। পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় তাদের বিনিয়োগে আমরা কাজ করছি। এ ছাড়া জলবায়ু ও দুর্যোগ প্রতিরোধ, পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, বাংলাদেশ জরুরি সহায়তা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এডিবির সঙ্গে কাজ করছি। ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প চলছে বলেও জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, এসব প্রকল্পে এডিবির ২২ হাজার ৩৫৫ কোটি টাকা বিনিয়োগ আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০টি প্রকল্পে এ বিনিয়োগ করবে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। এডিবি যে ঋণ দিচ্ছে, সেটা সফট লোন, যার সুদহার ২ শতাংশের নিচে। তিনি বলেন, ‘বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১১ বিলিয়ন ডলারের ঋণপ্রস্তাব আছে। আমরা সেগুলো বুঝেশুনে নেব, যেন তা দিয়ে আয় করা সম্ভব হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত