১০ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৫৭ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়। এ দফায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় খালেদা জিয়ার হৃদ্যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডাম বিকেল সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে তার নিয়মিত চিকিৎসা চলবে।’

এভারকেয়ার হাসপাতালে থেকে বিকেল সাড়ে ৫টায় ছোট ভাইয়ের প্রাইভেট কারে ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ বলেন, ‘পেসমেকার বসানোর পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তাই বোর্ড বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে।’

তবে দলটির একটি সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালের পরিবেশে অস্বস্তিবোধ করায় বাসভবনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন। পেসমেকার বসানোর পর তার কিছু জটিলতা দেখা দেয়। ফলে ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে আরও ৩ থেকে ৪ দিন বেশি হাসপাতালে রাখা হয়। চিকিৎসক ও সূত্র আরও জানায়, খুব দ্রুতই খালেদা জিয়াকে জটিল কিছু পরীক্ষার জন্য আবারও হাসপাতালে যেতে হবে।

গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। ওই দিন রাতেই মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃৎপিন্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। পরদিন বিকেলে সফলভাবে তা বসানো হয়। দুই দিন পর মেডিকেল বোর্ড তাকে সিসিইউর সুবিধাসংবলিত কেবিনে স্থানান্তর করে।

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বিএনপি চেয়ারপারসন এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের পক্ষ থেকে তার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের কর্মসূচি পালন করা হচ্ছে। আজ বুধবার জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি রয়েছে দলটির।

খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত