গুহায় মিলল অর্ধলক্ষ বছরের পুরনো চিত্রকর্ম

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:০৩ এএম

অর্ধলক্ষ বছরেরও বেশি পুরনো এক চিত্রকর্মের সন্ধান মিলেছে ইন্দোনেশিয়ার একটি গুহায়। বিজ্ঞানীদের ধারণা, এটিই বিশ্বের সবচেয়ে পুরনো চিত্রকর্ম। এ চিত্রকর্মে লাল রঙের বড় আকারের একটি শূকর ঘিরে তিন ব্যক্তির উপস্থিতির বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

এ চিত্রকর্মের আবিষ্কার নিয়ে গত বুধবার প্রকাশিত হয়েছে এক গবেষণা প্রতিবেদন। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে, চিত্রকর্মটি প্রায় ৫১ হাজার ২০০ বছরের পুরনো। খবর বিবিসি ও আলজাজিরার।

সম্প্রতি এই চিত্রকর্মটি যেখানে পাওয়া গেছে, সেই লিয়াং কারামপুয়াং গুহা ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েশি দ্বীপের ম্যারোস-প্যাংকেপ অঞ্চলে অবস্থিত। চিত্রকর্মটি পুরোপুরি অক্ষত অবস্থায় নেই। একই গুহায় পাওয়া গেছে আরও কিছু চিত্রকর্ম।

এ আবিষ্কার মানবসভ্যতার বিবর্তন নিয়ে প্রচলিত ধারণা পাল্টে দেবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাক্সিম অবার্ট। তিনি বলেন, ‘এ চিত্রকর্মে দুর্বোধ্য এক কাহিনি তুলে ধরা হয়েছে। (আলংকারিকভাবে বা চিত্রকর্মের মাধ্যমে) কাহিনির বর্ণনা নিয়ে আমাদের কাছে থাকা প্রমাণগুলোর মধ্যে এটি সবচেয়ে পুরনো। চিত্রকর্মটি আমাদের দেখিয়েছে, ওই সময়েও (অর্ধলক্ষ বছর আগে) মানুষের ছিল বিমূর্ত চিন্তাভাবনার সক্ষমতা।’

অধ্যাপক অবার্টের ধারণা, প্রায় ৬৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছানোর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে যেসব মানুষ যাত্রা শুরু করেছিলেন, এ চিত্রকর্ম সম্ভবত তাদের প্রথম দলের কাজ।

এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনের রচয়িতাদের একজন গ্রিফিথ ইউনিভার্সিটির পুরাতত্ত্ববিদ অ্যাডাম ব্রুম। তিনি বলেন, ‘এ চিত্রকর্মে কী বলতে চাওয়া হয়েছে, আমরা নিশ্চিতভাবে সেটি জানি না।’

এর আগে কোনো কাহিনি বর্ণনা করা প্রথম যে চিত্রকর্মের সন্ধান পাওয়া যায়, তা ইউরোপের ছিল বলে ধারণা করা হয়।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের নৃতত্ত্ববিদ ক্রিস স্ট্রিঞ্জার বলেন, ‘ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত চিত্রের যে বয়স বলা হচ্ছে, তা “খুবই কৌতূহল-উদ্দীপক”। কেননা, এটি ইউরোপসহ অন্যান্য স্থানে পাওয়া চিত্রকর্মের চেয়ে অনেক পুরনো।’

এর আগে আবিষ্কৃত রেকর্ডধারী পুরনো চিত্রকর্মটিতে ফুটিয়ে তোলা হয়েছে আফ্রিকার একটি বিশেষ জাতের শূকরের প্রতিকৃতিকে। ধারণা করা হয়, ওই চিত্রকর্মের বয়স অন্তত ৪৫ হাজার ৫০০ বছর।

লিয়াং কারামপুয়াং গুহার চিত্রকর্মের ন্যূনতম বয়স নির্ধারণে গবেষকরা এক নতুন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ক্রিস্টাল লেজার। চিত্রকর্মটি যাদের তৈরি, তাদের সম্পর্কে খুব কমই জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত