জুয়েলারি শিল্পে বড় বাধা সোনা চোরাচালান

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:২২ এএম

জুয়েলারি শিল্প বিকাশে সোনা চোরাচালান বড় বাধা বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। তারা বলেছেনÑ জুয়েলারি শিল্পের বিকাশে প্রধান বাধা চোরাচালান ও বাড়তি শুল্ক। চোরাচালান রোধ, বাড়তি শুল্ক প্রত্যাহার এবং জুয়েলারি শিল্প সহায়ক নীতি সহায়তা পেলে এই শিল্পে বিপ্লব ঘটবে।

গতকাল শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস যৌথভাবে আয়োজিত প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ (আইজেএমইবি) ২০২৪ সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

এতে বক্তব্য দেন বাজুস মুখপাত্র ও সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. দিলীপ কুমার রায়, সহসভাপতি-গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, সহসভাপতি ও প্রদর্শনীর সমন্বয়ক সমিত ঘোষ অপু।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী প্রর্দশনী গতকাল শেষ হয়। এতে ৫ হাজারের অধিক ব্যবসায়ী-দর্শনার্থী পরিদর্শন করেন। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্যবিষয় ছিল ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও পুরানো কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলা বাজুসের মূল লক্ষ্য। এতে অংশ নিয়েছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১০ দেশের ৩০টি প্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত