মাত্র ৩০০ ইউরো ঘুষ নিয়ে জার্মানির ঘরোয়া একটি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন ফেলিক্স সয়ার। সেই ঘটনায় তার শাস্তিও হয়েছিল। সেই ফেলিক্স সয়ারই আগামী বুধবার ইংল্যান্ড-নেদারল্যান্ডসের মধ্যকার ইউরোর সেমি-ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিয়ে বছর তিনেক আগে ক্ষোভও প্রকাশ করে বিশাল জরিমানাও গুনেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
ঘটনা ২০০৪ সালের মে মাসের। সেবার জার্মান ক্লাব ভার্ডার ব্রেমেন অ্যামেচারের বিপক্ষে এক ম্যাচে এসভি ভুপাটার পক্ষে রায় দেওয়ার জন্য ৩০০ ইউরো ঘুষ নিয়েছিলেন ফেলিক্স। তাকে ঘুষ দিয়েছিলেন আরেক অফিসিয়াল রবার্ট হয়জার। পরের বছর এক তদন্তে এই ঘটনা প্রমাণিত হলে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফেলিক্স। এরপর আবারও ফিরে আসেন রেফারিংয়ে।
২০২১ সালে ফেলিক্সকে নিয়ে এক মন্তব্য করে ৪০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন বেলিংহাম।
বুন্দেসলিগার একটি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-২ গোলে হারের পর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা বেলিংহাম বলেছিলেন, “এই ম্যাচের অনেক সিদ্ধান্তের দিকেই আপনি দৃষ্টি দিতে পারেন। আপনারা এমন এক রেফারিকে দায়িত্ব দিয়েছেন, যিনি পূর্বে ম্যাচ পাতিয়েছেন, জার্মানির সবচেয়ে বড় ম্যাচে, তাহলে আপনি কী প্রত্যাশা করতে পারেন?”
৪৩ বছর বয়সী ফেলিক্স অবশ্য চলতি ইউরোতে ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন। গত মঙ্গলবার রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের শেষ ষোলোর লড়াইয়ে তিনি রেফারির দায়িত্ব পালন করেন। ইএসপিএন জানিয়েছে, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে রেফারি হিসেবে রাখার বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের অভিমত জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
টেস্ট দল কমিয়ে ছয়-সাতে আনার প্রস্তাব শাস্ত্রীর
অপ্টার সুপার কম্পিউটারও বলছে ফাইনাল খেলবে আর্জেন্টিনা
আইসিসি মাসের সেরা একই দেশের দুই ক্রিকেটার