বর্জ্য ও বায়ুদূষণ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবে জাইকা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:৫৭ এএম

কার্যকর উপায়ে বর্জ্য ও বায়ুদূষণ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দুটি কারিগরি সহযোগিতামূলক প্রকল্প (টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গত সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। জাইকার বৈশ্বিক উন্নয়নবিষয়ক কৌশলগত উদ্যোগ ‘জাইকা ক্লিন সিটি ইনিশিয়েটিভ’র (জেসিসিআই) অধীনে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

জেসিসিআই সামগ্রিক ও টেকসই উপায়ে বর্জ্য ও পরিবেশদূষণ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর এলাকায় ‘ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা দিয়ে আসছে জাইকা।

এরই ধারাবাহিকতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ‘বর্জ্য হ্রাস ও টেকসই সমাজ গঠনের জন্য সহায়তা প্রকল্প’ স্বাক্ষর করেছে জাইকা। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। দেশের বায়ুদূষণের সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও কাজ করতে যাচ্ছে জাইকা। জাইকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের স্বাক্ষরিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘বায়ুর মান নিয়ন্ত্রণে সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি।

জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মিউরা মারি; ইআরডির অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন; স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্টরা চুক্তিগুলোয় স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত