প্রকল্পে ঘুষদানকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, ১০ টাকার প্রকল্পের কাজে ৩ টাকা ৫ টাকা ঘুষ দিয়ে, বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে। এবং এ রকম অবস্থায় পড়লে তাদের অত্যন্ত শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন।
গতকাল বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম এসব কথা বলেন।
আইএমইডি আবুল কাশেম মো. মহিউদ্দিন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. শোহেলের রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কথায় কথায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো চলবে না। এটা ভালোভাবে মনিটরিং করতে হবে। কোনো প্রকল্পের মেয়াদ ও সময় বৃদ্ধির জন্য যখন আমার কাছে আসে তখন আমি এগুলো সংশোধনের আগে আইএমইডির প্রতিবেদন দেখে ব্যবস্থা নিয়ে থাকি। কোনোভাবেই কথায় কথায় সময় ও টাকা বাড়ানো চলবে না।
দেখেশুনে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেখেশুনে প্রকল্প নিতে হবে। সেজন্য আমরা কাজ করছি। আমি সব সময় আইএমইডির প্রতিবেদন দেখি। অনেক পিডি একাধিক প্রকল্পের পরিচালক, ফিজিবিলিটি স্টাডিও ঠিকমতো হয় না। ৩ বছরের প্রকল্প ১১ বছর লাগে, এটা চলবে না।
তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণের কাজ আগে করতে হবে। প্রকল্প ধরে বসে থাকলে চলবে না। দ্রুত কাজ করতে হবে। আইএমইডি রিপোর্ট ঠিক না হলে হবে না। আপনারা ঠিকমতো কাজ করবেন। প্রকল্প ঠিক সময়ে, কোয়ালিটিভাবে বাস্তবায়ন করে জনগণকে সুবিধা দিতে হবে। তবে প্রকল্প শেষ করা বিরাট বিষয়। কিছু কিছু বিষয়ে আমাদের হাত নেই, জমি অধিগ্রহণ, ডলার পরিস্থিতির জন্য অনেক সময় প্রকল্প সংশোধন হচ্ছে।
