চতুর্থবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩ সালের জন্য ১৩টি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান টেকসই রেটিংয়ের তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে ১০ ব্যাংক ও ৩ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর আগের বছর সাতটি ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠান ওই তালিকায় স্থান পেয়েছিল।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ টেকসই ব্যাংকের নাম প্রকাশ করেছে। এ তালিকায় স্থান পাওয়া ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক, সিটি, ইস্টার্ন, এক্সিম, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম, ট্রাস্ট, ইউনাইটেড কমার্শিয়াল এবং উত্তরা ব্যাংক। এর মধ্যে ২০২২ সালে ব্র্যাক, যমুনা, প্রাইম, সিটি, ট্রাস্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেকসই রেটিংয়েও স্থান পেয়েছিল।
টেকসই রেটিংয়ে স্থান পাওয়া তিনটি আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স। এর মধ্যে ২০২২ সালে আইডিএলসি ফাইন্যান্স টেকসই রেটিংয়ে স্থান পেয়েছিল। ওই বছর চারটি আর্থিক প্রতিষ্ঠানকে এই রেটিং দেওয়া হয়েছিল।
মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব প্রকল্পে ঋণ, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। অনেক ব্যাংকে সৌরবিদ্যুতের ব্যবহার হচ্ছে। গাছ কাটা কমাতে কমিয়ে আনছে কাগজের ব্যবহার। পাশাপাশি অফিসগুলোয় বিদ্যুতের ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে ব্যাংকগুলোর ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নতুন কিছু ব্যাংক যুক্ত হচ্ছে, কিছু বাদ পড়েছে।
