মায়ের হাত থেকে ছুটে ট্রাকে পিষ্ট শিশু

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০২:২৫ এএম

বরিশালের উজিরপুরে মায়ের হাত ধরে বাজারে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহাদাত ফরাজী নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরেক শিশুসহ আরও পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উজিরপুরের দুর্ঘটনায় নিহত সাহাদাত ফরাজী উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোহাগ ফরাজীর ছেলে। উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার জানান, মা কাজল বেগমের সঙ্গে শিশু সাহাদাত ফরাজী জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসকের চেম্বারে যাচ্ছিল। ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তারা দুজনে নামার পর মায়ের ধরা হাত থেকে ছুটে দৌড় দিলে ঢাকা থেকে বরিশালগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সাহাদাত। উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ জানান, পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে আদমজী সোনামিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল জেলা সদরের উত্তর নোয়ান্নর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকার বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। খালু সোহেল রানা জানান, অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর এলাকায় রাশেদ (৩৫) নামে এক ব্যবসায়ী মারা যান।

মাগুরা সদর থানার ওসি শেখ মেহেদি রাসেল বলেন, রাশেদ মঙ্গলবার মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে রাত ১২টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাশেদ চুয়াডাঙ্গার চন্ডীপুর গ্রামের গাজী মোল্যার ছেলে।

পটুয়াখালীর বাউফলে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সেলিম সরদার (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাউফল-কালাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদের সবার বাড়ি উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালাইয়া থেকে বাউফলের উদ্দেশে যাচ্ছিল। পথে বাউফল-কালাইয়া সড়কের ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেলিম সরদার।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুঁই বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনি ও চায়না খাতুনের মেয়ে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মহাসড়কের গাছবাড়িয়া কলঘর এলাকার বরুমতি ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম নাছির হোসেন (৩২)। তিনি সিরাজগঞ্জের ছড়া তেঁতুলিয়া এলাকার মৃত ফিরোজ মণ্ডলের ছেলে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে আগুনে দগ্ধ ৫ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট টোলপ্লাজায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। গতকাল সকালের এ দুর্ঘটনায় মাইক্রোবাসটিতে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা পাঁচজন আটকা পড়ে। তাদের চিৎকারে টোলপ্লাজার লোকজন ও এলাকাবাসী ছুটে এসে মাইক্রোবাসটির জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আর খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, ‘গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।’

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত