আপনার জিজ্ঞাসা

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:১৩ এএম

মসজিদ স্থানান্তর করা জায়েজ আছে কি

  শরীফ মাহমুদ, ফুলবাড়ীয়া

প্রশ্ন : পঁয়তাল্লিশ বছর পূর্বে মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পঁয়তাল্লিশ বছর যাবৎ উক্ত মসজিদে নামাজ আদায় করা হচ্ছে। মসজিদটি এখন পুরনো হয়ে গেছে। মসজিদে জায়গা সংকুলানও হয় না। তাই মসজিদ কমিটি মসজিদ বড় করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে একজন দাতা মসজিদের পশ্চিম পার্শ্ব ঘেঁষে নতুন করে জায়গা দান করেন এবং পুরাতন মসজিদের ভিত্তি ছেড়ে মসজিদের পশ্চিমে নতুন মসজিদের ভিত্তি স্থাপন করেন। পুরাতন মসজিদ ভেঙে সেই জায়গায় মসজিদের মাঠ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা জায়েজ হবে কি?

উত্তর : বিবরণীতে যেভাবে উল্লেখ করা হয়েছে বিষয়টি যদি সে রকমই হয়ে থাকে তাহলে পুরাতন মসজিদকে ভেঙে সেই জায়গায় মসজিদের মাঠ বানানো জায়েজ হবে না। (‘মসজিদের মাঠ’ কথাটিই সঠিক নয়। কেননা মসজিদের জন্য মাঠের কোনো প্রয়োজন নেই। মাঠ প্রয়োজন মানুষের।)

যে জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয় এবং সেখানে নামাজ আদায় করা হয়, তা শরয়ি মসজিদ হিসেবে সাব্যস্ত হয়ে যায়। আর যে জায়গায় একবার শরয়ি মসজিদ হয়ে যায়,  কেয়ামত পর্যন্ত সেটা মসজিদ হিসেবেই গণ্য হয়ে থাকে। সেটাকে ভেঙে মাঠ বানানোর বৈধতা শরিয়তে নেই। মসজিদে যদি মুসল্লিদের জায়গা সংকুলান না হয় তাহলে আবশ্যক হলো, মূল মসজিদের জায়গা মসজিদের সীমার ভেতর রেখে মসজিদকে প্রশস্ত করা কিংবা যদি মসজিদ প্রশস্ত করার মতো জায়গা মসজিদের পাশে না থাকে তাহলে পূর্বের জায়গাতেই বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণ করা। যেহেতু একজন দাতা মসজিদের পশ্চিম পার্শ্ব ঘেঁষে নতুন করে জায়গা দান করেছেন, তাই এক্ষেত্রে মূল মসজিদের স্থানকে ঠিক রেখে মসজিদকে পশ্চিম দিকে প্রশস্ত করাই বাঞ্ছনীয়। অন্যথায় পূর্বের স্থানেই বহুতল বিশিষ্ট করা। এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সুতরাং উক্ত মসজিদকে ভেঙে শহীদ করে যদি সেখানে মাঠ বানানো হয় তাহলে তা কোনোভাবেই জায়েজ হবে না। বরং এতে মারাত্মক ও ভয়াবহ গুনাহ হবে। তাই এ ধরনের ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক। (হিন্দিয়া ২/৭৫৪, তাতারখানিয়া ৭/৬৫১, বাহরুর রায়েক ৫/১২৪)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত