কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের ৫০ থানায় ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল শনিবার পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া খুলনা ও চট্টগ্রামে গত ১১ দিনে ৫৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে। অন্যদিকে নাটোরে বিএনপির মিডিয়া সেলের প্রধানকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠনো খবর :
ঢাকা : গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় ২০৭টি মামলায় ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা-সহিংসতায় জড়িত অভিযোগে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সকালে র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানা যায়। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে গতকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭১ ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সারা দেশে ৫১টি, মহানগর ও জেলায় প্রায় ৫৫০টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলার বাদী পুলিশ। এ ছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী। এসব মামলায় গত ছয় দিনে ছয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পুলিশ বলছে, সহিংসতার ঘটনায় আরও মামলা হবে। এ ছাড়া যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের মধ্যে অনেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চট্টগ্রাম : নগরের আকবর শাহ থানায় নতুন একটি মামলা হয়েছে। এতে ৩৭ জনের নাম উল্লেখ করে ৭০ থেকে ৭৫ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। এ নিয়ে নগরের বিভিন্ন থানায় হওয়া মামলার সংখ্যা দাঁড়াল ১৯। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা) ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ১১ দিনে ৪৭৬ জন ‘নাশকতাকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
খুলনা : খুলনা আজম খান কমার্স কলেজের ছাত্রদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন শামীমসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এর আগে গত শুক্রবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. ফারুক আলী খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) আহসান হাবিব জানান, গতকাল শনিবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত নাশকতা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন।
নাটোর : নাটোরের সিংড়ায় পুলিশের করা বিস্ফোরক মামলায় বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বগুড়া ব্যুরোপ্রধান কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২২ জুলাই সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে সিংড়ার ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
