ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় আসা ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তাছাড়া ডিএমপির অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকেও গোয়েন্দা বিভাগে দেওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে বদলি করা হয়েছে। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে ডিএমপির গোয়েন্দা প্রধান করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণে বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।
