প্রধান বিচারপতি বললেন

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:৪৯ এএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের ঘটনাও সেখানে চলে আসে। আবার এ নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’ গতকাল বৃহস্পতিবার বিএনপিপন্থি ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা-সংক্রান্ত মামলার শুনানির সময় এমন মন্তব্য করেন তিনি।

গত বছরের আগস্টে সুপ্রিম কোর্টে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আইনজীবী মোহাম্মদ নাজমুল হুদার পক্ষে ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী আপিল বিভাগে আবেদন করেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী (ইতিমধ্যে প্রয়াত), সংগঠনের মহাসচিব কায়সার কামাল, সংগঠনের সুপ্রিম কোর্ট বার ইউনিট শাখার সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। ১৫ নভেম্বর আপিল বিভাগ সাত আইনজীবীকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করলে ১৫ জানুয়ারি তারা আদালতে হাজির হন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানিতে আসে।

ছয় আইনজীবীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে তলবের ব্যাখ্যায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনার বিষয়টি না থাকায় উষ্মা প্রকাশ করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের উদ্দেশে বলেন, ‘লিখিত বক্তব্যে তো ক্ষমা চাননি। আপনারা তো নির্দেশনা (আদালত অঙ্গনে সমাবেশ, মিছিল, মানববন্ধন না করতে হাইকোর্টের ২০০৫ সালে হাইকোর্টের দেওয়া আদেশ) মানছেন না। আপনারা আইনজীবীদের কী শেখাবেন? আইনজীবীদের প্রশিক্ষণ দরকার। কিন্তু কী প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা।’ শুনানি নিয়ে আদালত আগামী ২২ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করে ওই দিন ছয় আইনজীবীকে হাজির হতে নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত