৬০ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেলেন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:৩৫ এএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানী, ঢাকা জেলা, চট্টগ্রাম ও রংপুরের বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তার ৬০ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম ৩৭ জন এবং ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পাঁচজনের জামিন মঞ্জুর করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রামে ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে নগরের ১৩, জেলা এলাকার ৩ জন। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ১৩ ও চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত ৩ জনের জামিন মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে পৃথকভাবে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত।

রংপুরে দুজন এইচএসসি পরীক্ষার্থীসহ আট শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে।

ঢাকায় জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আলী হোসেন ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আবদুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আবদুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

গতকাল দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে হবে।

গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকেন, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তি দিতে সরকার আইনি সহায়তা দেবে বলে ঘোষণা দেন।

এদিকে সারা দেশে চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। এরই মধ্যে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থগিত পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিক ইনস্টিটিউট, পাবলিক ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আমাদের টাঙ্গাইল ও রাজবাড়ী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ১১ কলেজ ও রাজবাড়ীর সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা, হামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। টাঙ্গাইলের নিজ নিজ কলেজের নামে খোলা ফেসবুক গ্রুপে পোস্ট করে এবং রাজবাড়ী সরকারি কলেজের অফিশিয়াল প্যাডে এই ঘোষণা দেওয়া হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এই প্যাড তাদের না বলে দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত